
সদ্য উচ্চমাধ্যমিক পাস করা রিয়াসাত জামানের জাতীয় পরিচয়পত্রে নাম এসেছে ‘রিয়াসাত আমান’। বিদেশে পড়ালেখা করতে যাওয়ার জন্য পাসপোর্ট করবেন। তাই জরুরি ভিত্তিতে নামের বানান সংশোধন করাতে এসেছেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে। তাঁকে বলা হয়েছে, সংশোধিত পরিচয়পত্র ৩০ দিন পরে দেওয়া হবে।
রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে অবস্থিত জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। এখানে জাতীয় পরিচয়পত্রে তথ্যের ভুল সংশোধন, ঠিকানা পরিবর্তন বা হারানো পরিচয়পত্র উত্তোলনের জন্য আবেদন জমা নেওয়া হয় এবং পরিবর্তন করে দেওয়া হয়। এসব করতে এসে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে নাগরিকদের।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুইটা পর্যন্ত জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ ঘুরে দেখা যায়, ভবনের নিচতলায় হারানো পরিচয়পত্রের আবেদন এবং সপ্তম তলায় সংশোধনের আবেদন জমা দেওয়ার সারিতে উপচে পড়া ভিড়। সারিতে কয়েক শ লোক দাঁড়ানো। দড়ি সরিয়ে সারির সামনে দিয়ে লোকজন ঢুকে যাচ্ছেন। কোনো শৃঙ্খলা নেই। নারীদের পৃথক সারি না থাকায় তাঁরাও পুরুষদের সঙ্গে একই সারিতে দাঁড়িয়েছেন।
কেউ এসেছেন জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য, কেউ ঠিকানা পরিবর্তনের জন্য, আবার কেউ হারানো পরিচয়পত্র তোলার জন্য। অধিকাংশই এসেছেন ভুল সংশোধনের জন্য। সেবা নিতে আসা লোকজনের তুলনায় সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কম। হারানো পরিচয়পত্র ও সংশোধনের সারিতে কয়েক শ লোক দাঁড়ানো থাকলেও জমা নেওয়ার ডেস্ক আছে মাত্র আটটি।
নাম সংশোধন করতে সকাল নয়টা থেকে লম্বা সারিতে দাঁড়িয়ে আছেন শেখ হাবিবুর রহমান। বললেন, ‘অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ডেস্কের সামনে এলে কর্মকর্তা প্রয়োজনীয় আরেকটি কাগজ লাগবে বলে পরে আসতে বললেন।’
নামের আমূল পরিবর্তন, বয়স পরিবর্তনসহ একাধিক ভুলের ক্ষেত্রে তদন্ত ও শুনানি অনুষ্ঠিত হয়। তদন্ত ও শুনানি শেষ হতে মাসের পর মাস অপেক্ষা করেও পরিচয়পত্র পাচ্ছেন না এমন কয়েকজনকে পাওয়া গেল। তাঁদেরই একজন বাড্ডা থেকে আসা তালাত নুজহাত বললেন, ‘আমার স্বামীর নামের বানান ও জন্মতারিখ ভুল এসেছে। শুনানি হবে বলে এক দিন আসছি, তখন কী কী লাগবে বলে দেয়নি। আজকে অনেক রকম বেশি কাগজপত্র চাওয়া হচ্ছে। এবার নিয়ে প্রায় দুই মাসের মধ্যে চারবার এলাম।’
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তথ্যের সংশোধন খুব কম, তথ্যের পরিবর্তনের আবেদনই বেশি। নামের বানান বা জন্মতারিখ—এসব তথ্যের সংশোধন করতে বেশি সময় লাগে না। কিন্তু অনেকে আসেন পুরো নাম বা ঠিকানা, জন্ম সাল—এসব তথ্য পরিবর্তনের জন্য। এ ক্ষেত্রে তদন্ত করতে হয়, শুনানি করা লাগে, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করতে সময় বেশি লাগে।’
দেখা যায়, যেকোনো ধরনের সংশোধনের ক্ষেত্রে এক মাস পরের তারিখ দেওয়া হচ্ছে। নিজের কিংবা বাবা-মায়ের নামের বানান সংশোধন, ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রেও ৩০ দিন সময় দেওয়া হচ্ছে। কারও জরুরি সংশোধনের ক্ষেত্রেও একই সময় দেওয়ায় অনেককেই ভোগান্তিতে পড়তে হচ্ছে।
যেকোনো সংশোধনের ক্ষেত্রেই এক মাস সময় নেওয়ার বিষয়ে মহাপরিচালক বলেন, ‘আমাদের নিজেদের কোনো ভুল হলে সেগুলো দ্রুতই ঠিক করে দেওয়া হয়। কয়েক দিন ধরে চাপ বেশি আছে, তাই সময় একটু বেশি দেওয়া হচ্ছে। তবে সময় বেশি দেওয়া হলেও তার আগেই দিয়ে দেওয়া হবে।’