সংশোধনের আবেদন আটকে আছে মাসের পর মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিচয়পত্রে ভুল থাকায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার আট শতাধিক মানুষ। পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করে তাঁরা মাসের পর মাস ঘুরছেন উপজেলা নির্বাচন কার্যালয়গুলোতে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সাতটি উপজেলার নির্বাচন কার্যালয়ে বিভিন্ন সময়ে সাধারণ মানুষ ভুল থাকা জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করেন। গত অক্টোবর মাসে ৮৯১টি জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ঢাকার নির্বাচন কমিশন কার্যালয়ের জাতীয় পরিচয় ও নিবন্ধন অনু বিভাগে (এনআইডি) পাঠানো হয়। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ২৩১টি, শ্যামনগরের ১০৫টি, কলারোয়ার ৬৮টি, আশাশুনির ২৬৬টি, তালার ৮৬টি, কালীগঞ্জের ১০৩টি ও দেবহাটার ৩২টি।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব জাতীয় পরিচয়পত্রে কারও নিজের নাম, কারও বাবার নাম, কারও মায়ের নাম, কারও স্বামীর নামসহ নানা ভুল আছে। ফলে পাসপোর্ট করতে গিয়ে অনেকে সমস্যায় পড়ছেন। অনেকে চাকরির আবেদন করতে পারছেন না। আবার কেউ জমি রেজিস্ট্রি করতে গিয়ে ঝামেলায় পড়ছেন।
সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক রণজিৎ কুমার রায় জানান, তাঁর মায়ের নাম শচী রানী রায়। কিন্তু জাতীয় পরিচয়পত্রে ভুলবশত লেখা হয়েছে, শতী রানী রায়। জাতীয় পরিচয়পত্রে মায়ের নামের বানান ভুল থাকায় পাসপোর্ট করতে পারছেন না। তিনি নাম ঠিক করার জন্য ২০১৪ সালের ২৭ এপ্রিল সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করেন। পাশাপাশি তাঁর জাতীয় পরিচয়পত্রও জমা দেন। কিন্তু সংশোধন না হওয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তার পরামর্শে আবার একই বছর ১৮ আগস্ট নতুন করে আবেদন করেন। তারপর থেকে নয় মাস ধরে ঘুরছেন।
সদর উপজেলার মাধবকাটি গ্রামের উত্তম কুমার বসু জানান, তাঁর জাতীয় পরিচয়পত্রে বাবার নাম ভুল বানানে লেখা হয়েছে। তিনিও সংশোধনের জন্য নয় মাস আগে আবেদন করেন। কিন্তু সংশোধন না হওয়ায় তিনি ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করতে পারছেন না।
আশাশুনি উপজেলা সদরের মোস্তাফিজুর রহমান জানান, তাঁর জন্মতারিখ ভুল হওয়ায় সংশোধনের জন্য তিনি সেপ্টেম্বর মাসে আবেদন করেছেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ভুল থাকা পরিচয়পত্রগুলো সাত-আট মাস আগে সংশোধনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারপর কয়েকবার তাঁরা তাগিদ দিয়েছেন। কিন্তু কিছু হচ্ছে না। সম্প্রতি ঢাকা কার্যালয় থেকে জানানো হয়েছে, পরিচয়পত্রগুলো সংশোধন করে দ্রুত পাঠানো হবে।