সংশোধনের দাবি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন’ সংশোধনের দাবি জানাল পুলিশ। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পুলিশের ‘কল্যাণ সভা’য় এসব দাবি তোলা হয়। গত বছরের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানেও একই দাবি তোলা হয়েছিল। এ ছাড়া পুলিশ বাহিনীতে চিকিৎসক নিয়োগ, মোটরসাইকেলের জন্য ঋণ দেওয়া এবং কর্তব্যরত অবস্থায় নিহত ব্যক্তিদের আজীবন পেনশনের দাবি জানানো হয়।
পুলিশ সদস্যদের দাবিদাওয়া বা অভাব-অভিযোগ সম্পর্কে সরকারপ্রধানকে সরাসরি অবহিত করার জন্য দুই বছর ধরে এ কল্যাণ সভার আয়োজন করা হচ্ছে।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের পর পুলিশ মিলনায়তনে ওই কল্যাণ সভা হয়। এতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) থেকে কনস্টেবল পর্যন্ত সব পদের সদস্য ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় পাঁচজন কর্মকর্তা ও সদস্য বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। প্রধানমন্ত্রী এর জবাব দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী পুলিশের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেন। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কল্যাণ সভার শুরুতেই আইজিপি এ কে এম শহীদুল হক স্বাগত ভাষণ দেন। তিনি পুলিশের জন্য সরকারের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এরপর একে একে পুলিশ সদস্যরা তাঁদের দাবির কথা জানান।

একজন পুলিশ পরিদর্শক বলেন, পুলিশি হেফাজতে নির্যাতন কিংবা মৃত্যুর অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা করার বিধান রেখে একটি আইন জারি করা হয়েছে।
আইনটিতে নির্যাতনের সংজ্ঞায় মানসিক কষ্টকে নির্যাতন বলা হলেও তা নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকায় যে কেউ এ আইনে পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা করার সুযোগ পাচ্ছেন। মানসিক নির্যাতনের অজুহাতে যদি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার সুযোগ থাকে, তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ নিরুৎসাহিত হবে। তিনি আইনটি সংশোধনের দাবি করেন।

নির্যাতনমূলক আচরণ ও শাস্তি নিষিদ্ধ করার আন্তর্জাতিক ও সাংবিধানিক বাধ্যবাধকতায় ২০১৩ সালের ২৭ অক্টোবর সংসদে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন পাস হয়। এই আইনে হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে কারও মৃত্যু হলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যদি কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়, তাহলে স্থানীয়ভাবেও বিষয়টি দেখা যেতে পারে। তবে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে, তারা এটা জানে।

পুলিশ বাহিনীতে চিকিৎসাসেবার বিষয়টি তুলে ধরেন এক সদস্য। তিনি বলেন, পুলিশ বাহিনীর যে কেন্দ্রীয় হাসপাতালে আছে, সেখানে পর্যাপ্ত চিকিৎসক নেই। জেলাতেও চিকিৎসক নেই। বাহিনীর জন্য যে চিকিৎসক পদ আছে, তা কখনো পূরণ হয় না। তিনি পুলিশ বাহিনীর জন্য আলাদা করে চিকিৎসক নিয়োগ দেওয়ার প্রস্তাব করেন।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার চেয়ে পুলিশ বাহিনীর জন্য আলাদা ‘মেডিকেল কোর’ করা যেতে পারে, যেখানে নিজেদের চিকিৎসক পুলিশ নিজেই নিয়োগ দিতে পারবে।

অন্য একজন পুলিশ সদস্য বলেন, পুলিশ বাহিনীতে চতুর্থ শ্রেণির কর্মচারী আছেন। তাঁদের নিয়োগ দেওয়া হয় আউটসোর্সিংয়ের মাধ্যমে। এটা বন্ধ করে এই পদে নিয়োগের দায়িত্ব পুলিশকে দেওয়া যেতে পারে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণির পদের লোক দুনিয়ার অনেক দেশে আছে। এটা যেভাবে আছে, সেভাবেই থাকা ভালো।

মোটরসাইকেলের জন্য ঋণের দাবি করেন এক পুলিশ সদস্য। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনার কথা বলেন। কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশ সদস্য মারা গেলে তাঁর জন্য আজীবন রেশন দাবি করেন এক সদস্য। এ বিষয়টি যাচাই-বাছাই করার কথা বলেন প্রধানমন্ত্রী।