সংশোধনের ব্যবস্থা না রেখেই হালনাগাদ কাজ শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুলে ভরা জাতীয় পরিচয়পত্র সংশোধনের কোনো ব্যবস্থা না করেই নতুন করে শুরু হচ্ছে চট্টগ্রাম নগরের ভোটার তালিকা হালনাগাদের কাজ। আগামীকাল মঙ্গলবার থেকে নগরের প্রতিটি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।হালনাগাদ কাজের আওতায় নতুন ভোটার অন্তর্ভুক্তি ছাড়াও এক জায়গা থেকে অন্য জায়গায় ভোটার স্থানান্তর, পুরোনো জাতীয় পরিচয়পত্র বিতরণ ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন গ্রহণ করা হবে। কিন্তু চট্টগ্রামে সার্ভার স্টেশন এখনো চালু না হওয়ায় পুরোনো জাতীয় পরিচয়পত্রে আগে যেসব ভুল হয়েছে, তা সংশোধনের ব্যবস্থা রাখা হয়নি বলে জানা গেছে। স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার থেকে ডবলমুরিং, পাহাড়তলী ও বন্দর থানা এলাকায়, ২০ অক্টোবর থেকে পাঁচলাইশ ও চান্দগাঁও থানা এলাকায় এবং ১ নভেম্বর থেকে কোতোয়ালি এলাকায় নতুন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে। তথ্য সংগ্রহের কাজে এক হাজার ৪১৬ জন সরকারি কর্মকর্তা নিয়োজিত থাকবেন। তাঁদের বেশির ভাগই শিক্ষক-শিক্ষিকা। সুপারভাইজার থাকবেন ২৯১ জন। তথ্য সংগ্রহ শেষে ছবি তোলার কাজ শুরু হবে। বর্তমানে চট্টগ্রাম মহানগরে ১৭ লাখ তিন হাজার ২১৫ জন ভোটার রয়েছেন।এ প্রসঙ্গে কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘মঙ্গলবার থেকে কাজ শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন থানায় তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কোতোয়ালি এলাকার প্রশিক্ষণকাজ আজ (রোববার) থেকে শুরু হয়েছে।’জানা গেছে, এত দিন ধরে জেলা নির্বাচন কার্যালয় থেকে ভোটার তালিকা হালনাগাদের সময় পুরোনো ভোটারদের পরিচয়পত্রের ভুল সংশোধন করা যাবে বলে জানানো হয়েছিল। এই আশায় ছিলেন পুরোনো ভোটাররা। ভুল সংশোধন আগের মতো ঢাকায় গিয়ে করতে হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, প্রথমবার ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র করার সময় প্রায় ৪০ শতাংশ ভোটারের জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুল ছিল। কারও নামে ভুল, কারও জন্মতারিখ আবার কারও বাবার নাম কিংবা ঠিকানা ভুল উঠেছিল।ভুলে ভরা ওসব পরিচয়পত্র সংশোধন করা যায়নি। কেউ কেউ নিজ উদ্যোগে ঢাকা থেকে সংশোধন করে এনেছেন। ভুলে ভরা এসব পরিচয়পত্র নিয়ে নানা ঝামেলার মধ্যে রয়েছেন সাধারণ মানুষ।কেন ভোটার তালিকার ভুল সংশোধন করা হচ্ছে না, জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘সার্ভার স্টেশন তৈরি না হওয়ায় পরিচয়পত্র সংশোধন এখনো করা সম্ভব হচ্ছে না। আমরা মঙ্গলবার থেকে চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করব। সংশোধনের কাজ শুরু করতে আরও এক দেড় বছর লাগবে।’