সংশোধিত তথ্যপ্রযুক্তি আইন লঘু পাপে গুরুদণ্ডের শামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

অধ্যাদেশের মাধ্যমে সংশোধিত তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি আইন লঘুপাপে গুরুদণ্ডের শামিল। অনলাইনে অসত্য ও অশ্লীল কিছু প্রকাশের কারণে যদি ১৪ বছরের কারাদণ্ড হয়, তবে খুনের শাস্তি কত বছর হবে, এমন প্রশ্নও উঠেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি), বাংলাদেশ লিগ্যাাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স  (বিলিয়া), বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)  আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এই মত দেন। আজ শনিবার সিরডাপ মিলনায়তনে ‘তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি আইন ২০০৬ ও তার সংশোধন: বাকস্বাধীনতার প্রতিবন্ধক’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা আইনের ৫৭ ধারা বাতিলের দাবি জানান। এ ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে মিথ্যা ও অশ্লীল কিছু প্রকাশ করলে, যা দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট হতে উদ্বুদ্ধ করে, অন্যের মানহানি ঘটায়, আইনশৃঙ্খলার অবনতি ঘটায়, ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি দেয়—তা অপরাধ হিসেবে গণ্য হবে। কোনো ব্যক্তি এ ধরনের অপরাধ করলে তিনি সর্বোচ্চ ১৪ বছরের ও সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ডে এবং সর্বোচ্চ এক কোটি টাকার অর্থদণ্ডে দণ্ডিত হবেন।’

আগের আইনে কারাদণ্ডের পরিমাণ ছিল সর্বোচ্চ ১০ বছর। গত ২০ আগস্ট অধ্যাদেশের মাধ্যমে এ আইন সংশোধন করে শাস্তির  মেয়াদ বাড়ানো হয়।

অনুষ্ঠানের সভাপতি হামিদা হোসেন বলেন, আইন করা হয় নাগরিকের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য। কিন্তু এই আইনটি স্বাধীনতা হরণ করার জন্য।

আইন বিশ্লেষক শাহদীন মালিক বলেন, আগামী বছর টিআইবি দুর্নীতির যে প্রতিবেদন প্রকাশ করবে, সেখানে যদি রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তবে এই আইন বলে টিআইবির কর্মকর্তাদের অন্তত সাত বছর করে জেল হবে। এ আইন থাকা মানে দেশকে অসভ্য বা মধ্যযুগে ঠেলে দেওয়া।

টিআইবির নির্বাহী পরিচালক ও অনুষ্ঠানের সঞ্চালক ইফতেখারুজ্জামান বলেন, জনগণ রাষ্ট্রের মালিক। কিন্তু এই আইনের মাধ্যমে জনগণকে ত্রাসের রাজত্বে ঠেলে দেওয়া হয়েছে। এ নিয়ে বিরোধী দলের আপত্তি নেই। সম্ভবত তারা বিষয়টি উপভোগ করছে। ক্ষমতায় গিয়ে তারা আইনটির অপপ্রয়োগ করবে।

বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক সারা হোসেন বলেন, আইনের সংজ্ঞা সুস্পষ্ট হবে। যাতে মানুষ বুঝতে পারে, সে যা লিখছে তা বেআইনি কি না। কিন্তু বর্তমান আইনটি অস্পষ্ট। সরকার ইচ্ছামতো এর অপপ্রয়োগ করতে পারবে। তাই এখন নেটে কিছু লেখার আগেই ভাবতে হবে—এই লেখার কারণে সাত বছরের, নাকি ১৪ বছরের জেল হবে।

আইআইডির নির্বাহী প্রধান সাঈদ আহমদে বলেন, এই আইনের মাধ্যমে লঘুপাপে গুরুদণ্ডের বিধান চালু করা হয়েছে। আইনটি তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আইনটি অস্পষ্ট। এই অস্পষ্টতার সুযোগ নিয়ে এর অপপ্রয়োগ হবে।

ব্লগার আসিফ সালেহ বলেন, শাহবাগ আন্দোলন চলার সময় এ আইন থাকলে যুদ্ধাপরাধীরা গণজাগরণ মঞ্চের সমর্থক ব্লগারদের সবার বিরুদ্ধে মামলা ঠুকে দিত এবং এতে সবার সাত থেকে ১৪ বছরের কারাদণ্ড হতো।

সামহোয়্যার ইন ব্লগের নির্মাতা গুলশান ফেরদৌস বলেন, এই আইনের মাধ্যমে গণতন্ত্র হত্যার পথ সুগম করা হয়েছে।

আলোচনায় আরও কয়েকজন সমাজ ও মানবাধিকার কর্মী অংশ নেন।