সংশোধিত তালিকা প্রকাশের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের জেএসসির ফলাফলে সেরা ২০ বিদ্যালয়ের সংশোধিত তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আগের তালিকায় গরমিলের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর বোর্ড কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের চেয়ার-ম্যান মোহাম্মদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেব। জেএসসির ফলাফলে সেরা ২০ বিদ্যালয়ের একটি সংশোধিত তালিকা তৈরি করে তা বোর্ডের অনলাইনে দেওয়া হবে। যেসব বিদ্যালয়ের নাম নতুন করে তালিকায় আসবে এবং যাদের নাম বাদ যাবে তাদের প্রত্যেককেই এ ব্যাপারে বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে।’ গত ২৭ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর নগরের তিনটি বিদ্যালয় কর্তৃপক্ষ সেরা ২০ তালিকায় গরমিলের অভিযোগ করেন। এগুলো হলো নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, নৌবাহিনী স্কুল ও কলেজ এবং বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয়। এ ব্যাপারে ৪ জানুয়ারি প্রথম আলোতে ‘চট্টগ্রাম বোর্ডের জেএসসির সেরা ২০-র তালিকায় গরমিল’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। বোর্ড সূত্রে জানা যায়, গতকাল বিকেলে তিন সদস্যের তদন্ত দল তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এতে বোর্ডের কম্পিউটার শাখার জ্যেষ্ঠ কারিগরি বিশ্লেষক (সিনিয়র সিস্টেম এনালিস্ট) কিবরিয়া মাসুদ খানের দায়িত্ব অবহেলাকে দায়ী করা হয়। তিনি কমিটির কাছে তাঁর দায় স্বীকার করেছেন। তদন্ত কমিটি সেরা ২০ বিদ্যালয়ের সংশোধিত তালিকা প্রকাশ, কম্পিউটার শাখায় দক্ষ জনবল নিয়োগ, সরকারি কর্মচারীর আপিল ও শৃঙ্খলাবিধি ১৯৮৫-র ৪ ধারা অনুযায়ী দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। ৪ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে তিরস্কার করা, তাঁর বাৎসরিক ইনক্রিমেন্ট স্থগিত রাখা, বেতনস্কেল এক ধাপ নামিয়ে দেওয়া, ক্ষতিপূরণ আদায়, সমায়িক বরখাস্ত ইত্যাদি উল্লেখযোগ্য। তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক সুমন বড়ুয়া। দুজন সদস্য হলেন বোর্ডের উপসচিব মাহবুব হাসান ও উপপরীক্ষা নিয়ন্ত্রক ইলিয়াস উদ্দিন আহমেদ।