প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তকরণে সিলেট সদর উপজেলায় যে যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে, সে কমিটি থেকে বাছাই শুরুর আগেই মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার সুব্রত চক্রবর্তী। তবে সংশোধিত সে কমিটির তালিকা এখনো মহানগর ইউনিট কমান্ডে পৌঁছেনি বলে ওই ইউনিটের কমান্ডার দাবি করেছেন।
জেলা ইউনিট কমান্ডের কমান্ডার সুব্রত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ১৮ ও ২১ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে যাচাই-বাছাই কমিটির সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। সেখানে সিলেট সদর উপজেলা কমিটিতে পাঁচ মাস আগে মারা যাওয়া মুক্তিযোদ্ধা মো. মন্তাজ মিয়ার পরিবর্তে উপজেলার ভারপ্রাপ্ত কমান্ডার মুক্তিযোদ্ধা এরশাদ আলীর নাম দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণ বলেন, ‘১৬ জানুয়ারি উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী স্বাক্ষরিত একটি কমিটির তালিকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাদের কাছে সরবরাহ করা হয়েছে। সে তালিকায় সদস্য হিসেবে পাঁচ মাস আগে মৃত মুক্তিযোদ্ধা মো. মন্তাজ মিয়ার নাম রয়েছে। এরপর কোনো সংশোধিত তালিকা আমাদের পাঠানো হয়নি। তাই আমরা সে তালিকাটিকেই সঠিক বলে মনে করেছি। আর এ কারণেই এমন বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।’
গতকাল রোববার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘মুক্তিযোদ্ধা তালিকাভুক্তকরণ/ বাছাই কমিটির সদস্য মৃত ব্যক্তি!’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখার জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের কমান্ডার সুব্রত চক্রবর্তীকে নির্দেশনা দেন। এ বিষয়ে খোঁজ নিয়ে সুব্রত চক্রবর্তী সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছেন, ১৮ ও ২১ জানুয়ারি যে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়, তাতে মন্তাজ মিয়ার নাম নেই। এ তথ্যটি লুকিয়ে পুরোনো তালিকা গণমাধ্যমকর্মীদের সরবরাহ করে মুক্তিযোদ্ধাদের কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছেন।