তালিকা সংশোধন করার পরও ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হতদরিদ্র ব্যক্তিদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় সচ্ছল ব্যক্তিদের নাম রয়েছে। এ অবস্থায়ই গতকাল সোমবার থেকে ৩টি ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে গাঙ্গাইল ইউনিয়নের শাইলধরা বাজারে গিয়ে দেখা যায়, ডিলার মো. আবদুল হাকিমের দোকানে অনেক ক্রেতা বসে রয়েছেন। কিন্তু ডিলার চাল বিক্রি করতে চাইছেন না।
ডিলার আবদুল হাকিম বলেন, অনিয়ম এড়াতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে এসে কার্ডধারীদের চাল ক্রয় করতে বলা হয়েছে। কিন্তু পরিচয়পত্র ছাড়াই চাল বিক্রি করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য চাপ দিচ্ছেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।
এলাকার কয়েকজন বলেন, শাইলধরা বাজারের একাধিক দোকানঘরের মালিক মো. আল আমিনকে কার্ড দেওয়া হয়েছে। তাঁর চাচা জসীম উদ্দিনের নামেও কার্ড রয়েছে। জসীমের আধা পাকা বাড়ি ও ৬০ শতক জমি রয়েছে। তাঁর ছেলে ওবায়দুল হকের নামেও রয়েছে কার্ড। এ ছাড়া উত্তর বানাইল গ্রামের সচ্ছল ব্যক্তি মো. শাহাব উদ্দিন, গিয়াস উদ্দিন ও তাঁর স্ত্রী আমেনা বেগম, লুৎফর রহমান ও তাঁর স্ত্রী ফিরোজা আক্তারের নামেও কার্ড রয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল গিয়ে আল আমিনকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর চাচা মো. জসীম উদ্দিন বলেন, আল আমিন ঢাকায় চাকরি করেন। তাই বাড়িতে নেই। তাঁর নিজের ও ছেলের নামেও কার্ড রয়েছে।
ডিলার আবদুল হাকিম বলেন, অনেক হতদরিদ্র ব্যক্তির নাম তালিকায় ঢোকানো হয়নি। আবার তালিকা সংশোধনের কথা বলা হলেও সচ্ছল ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়নি।
খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, আগের তালিকা সংশোধন করে চলতি মাসে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। যদি কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে আবার সংশোধন করা হবে। সংশোধনের বিষয়টি চলমান রয়েছে।