সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি মন্ত্রণালয়ের ১০৪টি সার্ভেয়ার পদের নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা নির্ধারণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা মহানগরের রামমালা এলাকায় অবস্থিত ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করে ওই ক্ষোভ জানান।শিক্ষার্থীরা অবিলম্বে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। অন্যথায় তাঁরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৮ সেপ্টেম্বর ডেইলি স্টার-এ ভূমি মন্ত্রণালয়ে ১০৪ জন সার্ভেয়ার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুরাইয়া পারভীন শেলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি পত্রিকায় ছাপা হয়। এতে আবেদনকারীর যোগ্যতা উল্লেখ করা হয়, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সার্ভে বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। কিন্তু নিয়মানুযায়ী এসএসসি পাসের পর শিক্ষার্থীরা চার বছরের সার্ভে ইন ডিপ্লোমা ডিগ্রি নেন যা উচ্চ মাধ্যমিকের সমান্তরাল। এ অবস্থায় এ ধরনের যোগ্যতা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ প্রকৃত সার্ভেয়ারদের আবেদন করা থেকে বিরত রাখার প্রয়াস ছাড়া আর কিছুই নয়। শিক্ষার্থীরা দ্রুত ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান।জানতে চাইলে সিনিয়র সহকারী সচিব সুরাইয়া পারভীন গতকাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘নিয়োগবিধি অনুযায়ী আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। ওই বিজ্ঞপ্তি রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কেউ পরিবর্তন করতে পারবে না। এ ক্ষেত্রে পর্যাপ্ত আবেদন না পেলে আমরা নতুন করে আবেদনপত্র নেব। তখন কী করা যায়, সেটি মন্ত্রণালয় ভাববে।’ এসএসসির পর সার্ভে পড়ানো হয় তাহলে এইচএসসি পাসসহ যোগ্যতা কেন চাওয়া হলো, এ ব্যাপারে কিছু বলেননি সিনিয়র সহকারী সচিব সুরাইয়া পারভীন।