রাজশাহীতে জালিয়াতির আশ্রয় নিয়ে প্রকাশিত বৃত্তির ফল বাতিল করে এক সপ্তাহের মধ্যে প্রকৃত ফল প্রকাশের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল রোববার নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
‘সুশিক্ষা আন্দোলন মঞ্চ’ নামের একটি সংগঠনের ব্যানারে ওই কর্মসূচি পালিত হয়। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এতে সংগঠনের আহ্বায়ক ফারুক হোসেনসহ বক্তৃতা করেন অভিভাবক আমিনা আনসারী, আবু জাফর, মিঠন আলী সরদার, সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এই অপকর্মের সঙ্গে জড়িত শিক্ষা কর্মকর্তা-কর্মচারীদের নামে শুধু বিভাগীয় মামলা করলেই হবে না, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির আওতায় মামলা করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
সংগঠনের আহ্বায়ক ফারুক হোসেন বলেন, টাকার জন্য যাঁরা কোমলমতি শিশুদের পরীক্ষার ফলাফল নিয়ে ব্যবসায় নেমেছেন, তাঁরা হচ্ছেন শিক্ষা সন্ত্রাসী। একজন সন্ত্রাসী হয়তো একজন মানুষকে খুন করতে পারে কিন্তু এই শিক্ষা সন্ত্রাসী জাতিকেই খুন করছে।
অভিভাবকদের কাছ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২২ জুন ‘রাজশাহীতে পঞ্চম শ্রেণির বৃত্তির ফল জালিয়াতি’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত জুলাইয়ে রাজশাহীতে এসে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সাইফুল ইসলাম তদন্ত করেন। তিনি গত ১৭ জুলাই মহাপরিচালকের কাছে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, তৎকালীন বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তী ও অফিস সহকারী সোনিয়া রওশনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তাঁদের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে।