রাজশাহীর বোয়ালিয়ায় জালিয়াতি করে প্রকাশিত ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল বাতিল ও সংশোধনের দাবিতে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। সুশিক্ষা আন্দোলন মঞ্চের ব্যানারে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেওয়ান মোহাম্মদ শাহরিয়ার ফিরোজ স্মারকলিপিটি গ্রহণ করেন। তিনি বলেন, তাঁরা যথাযথ প্রক্রিয়ায় এ স্মারকলিপি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর ব্যবস্থা করবেন।
স্মারকলিপি দেওয়ার সময় সুশিক্ষা আন্দোলন মঞ্চের আহ্বায়ক ফারুক হোসেন, অভিভাবক আবদুল হাদি, হাসিনা আক্তার, কামরান আলী, আমিনা আনসারী, আম্বিয়া খাতুন, মিঠুন আলী সরদার, সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সুশিক্ষা আন্দোলন মঞ্চের আহ্বায়ক ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, ওই ফল বাতিল, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি ও সংশোধিত ফল প্রকাশের দাবিতে এর আগে তাঁরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া না পেয়ে তাঁরা শেষ পর্যন্ত স্মারকলিপি দিলেন। শিক্ষানগরী হিসেবে খ্যাত রাজশাহীতে এ রকম ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নম্বর জালিয়াতি করে যে বাচ্চাগুলোকে বৃত্তি পাইয়ে দেওয়া হয়েছে, তারা মনে করবে, এভাবেই ভালো ফল কিনতে পাওয়া যায়। আর যারা ভালো পরীক্ষা দিয়েও বৃত্তি পায়নি, তাদের মেধার প্রকৃত মূল্যায়ন করা হলো না। তারা হতাশায় ভুগবে।
বৃত্তির ফল জালিয়াতির এ ঘটনায় গত ২২ জুন ‘রাজশাহীতে পঞ্চম শ্রেণির বৃত্তির ফল জালিয়াতি’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জুলাইয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সাইফুল ইসলাম রাজশাহীতে এসে এ বিষয়ে তদন্ত করেন। তিনি গত ১৭ জুলাই শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেওয়া তদন্ত প্রতিবেদনে ফল জালিয়াতি হয়েছে বলে উল্লেখ করেন। এ পরিপ্রেক্ষিতে সম্প্রতি তিনজন কর্মকর্তা ও কর্মচারীর নামে বিভাগীয় মামলা হয়েছে। কিন্তু সংশোধিত ফল প্রকাশের ব্যাপারে কর্তৃপক্ষ উদ্যোগ না নেওয়ায় রাজশাহীতে অভিভাবকেরা সুশিক্ষা আন্দোলন মঞ্চের ব্যানারে আন্দোলন শুরু করেন। গত ১৯ নভেম্বর একই দাবিতে তাঁরা রাজশাহীতে মানববন্ধন করেন এবং ২৯ নভেম্বর রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন।