সংশোধিত সীমানা গেজেট না হওয়ায় উপনির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন স্থগিত হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের সংশোধিত সীমানা নিয়ে গেজেট না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে আরও দুটি ইউনিয়নে নির্বাচন না হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উজানচর ইউপির চেয়ারম্যান আবদুল মতিনের মৃত্যুতে গত বছরের ২১ ডিসেম্বর পদটি শূন্য ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ১৯ মার্চ উপনির্বাচন চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন জেলা নির্বাচন কর্মকর্তা। এদিকে উপজেলার তিনটি ইউনিয়নের আটটি গ্রাম নিয়ে ২০১৩ সালের ৩ জুলাই বাঞ্ছারামপুর পৌরসভা গঠিত হয়। বাঞ্ছারামপুর ইউনিয়নের বাঞ্ছারামপুর, সফিরকান্দি, জগন্নাথপুর, দশদোনা, ভিটিঝগড়ার চর, দুর্গারামপুর, উজানচর ইউনিয়নের নতুনহাটি ও দরিয়াদৌলত ইউনিয়নের আছাদনগর গ্রাম নিয়ে ওই পৌরসভা হয়। নতুনহাটি গ্রামকে পৌরসভায় অন্তর্ভুক্ত করার পর উজানচর ইউনিয়নের সীমানা নিয়ে সংশোধিত কোনো গেজেট প্রকাশ করা হয়নি। ১৯ মার্চ নির্বাচনকে কেন্দ্র করে নতুনহাটির ভোটার বিষয়ে জানতে চেয়ে গত ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনকে চিঠি দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান উজানচরের ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন স্থগিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠি দেন।
চিঠিতে বলা হয়, উজানচর ইউনিয়নের সংশোধিত সীমানার গেজেট প্রকাশিত হওয়ার আগে উপনির্বাচন করা সমীচীন হবে না। ভবিষ্যতে সীমানা জটিলতা ও নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আইনগত ত্রুটি থেকে যাবে।
জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, বাঞ্ছারামপুর পৌরসভা হয়েছে তা-ও প্রায় পৌনে দুই বছর হয়ে গেছে। এখনো কোনো ইউনিয়নের সীমানা নিয়ে সংশোধিত গেজেট করা হয়নি। তাতে উপনির্বাচন তো নয়ই, সামনে যে নির্বাচন আসছে, তা-ও করা যাবে না। সীমানা নির্ধারণ ও গেজেট করার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের, কমিশনের নয়। উপজেলার ওইতিন ইউনিয়নের সীমানা নিয়ে সংশোধিত গেজেট করার দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও), তিনি তা না করায় জটিলতার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে ইউএনও মামুনুর রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
জেলা প্রশাসক মোশারফ হোসেন বলেন, ‘সীমানা নিয়ে সংশোধিত গেজেটের বিষয়ে আমার জানা নাই, ফাইল দেখে বলতে হবে। আর ইউএনও তো এ বিষয়ে ভালো বলতে পারবেন।’