সংশ্লিষ্টদের কাছে গেছে ফাঁসি পুনর্বিবেচনার খারিজ আদেশ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন খারিজের আদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটা ২০ মিনিটের দিকে সুপ্রিম কোর্ট থেকে এই আদেশের অনুলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আদেশের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজি প্রিজন, জেলা ম্যাজিস্ট্রেট, আসামিপক্ষের আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) ও রাষ্ট্রপক্ষকে সরবরাহ করা হয়েছে।
এর আগে আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেন আদালত। ফলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরে আইনগত আর কোনো বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজ দুপুর ১২টা ছয় মিনিটে এ আদেশ দেন।