সংশয় কাটছে না ভোটারদের
ভোটের দিন ক্রমেই ঘনিয়ে আসছে। বাড়ছে প্রার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা। কিন্তু ভোট নিয়ে এখনো সংশয়ের মধ্যে দিন পার করছেন রংপুরের বদরগঞ্জ পৌরসভার ভোটাররা। গতকাল মঙ্গলবার পৌরসভার বালুয়াভাটা, পূর্বপাড়া, শাহাপুর, মহিলা কলেজপাড়া ও ছকিমুদ্দিনেরডাঙ্গা গ্রাম এলাকা ঘুরে ভোটারদের মনোভাবের এ চিত্রই পাওয়া গেছে।
পৌরসভার বালুয়াভাটা, পূর্বপাড়া, শাহাপুর, মহিলা কলেজপাড়া ও ছকিমুদ্দিনেরডাঙ্গা গ্রাম এলাকার অন্তত ৩৫ জন ভোটারের সঙ্গে কথা হয়। পূর্বপাড়া গ্রামের ভোটার কৃষক রাশেদুল ইসলাম (২৫) গতকাল দুপুরে বাড়ি-সংলগ্ন জমিতে কাজ করছিলেন। তাঁর কাছে পৌর নির্বাচন সম্পর্কে কী ভাবছেন জানতে চাইলে প্রথমেই প্রশ্ন করে বলেন, ‘ভাই, আপনি কোন দলের?’ সাংবাদিক পরিচয় পাওয়ার পর বলেন, ‘হামরা কৃষক মানুষ। কাজ করতে দিন পাই না, ওই ভোট-ভাট দিয়া হামার কী। হামার তো এখন ভোটে লাগে না। জীবনে প্রথম ভোটটায় (গত সংসদ নির্বাচন) দিবার পারি নাই। এমনিতে এমপি হইচে। এবারও সবার মুখে শুনোছি আওয়ামী লীগ প্রার্থী বলে এক ভোট পাইলেও মেয়র হইবে।’
নাম প্রকাশ না করার শর্তে শাহাপুর গ্রামের একজন শিক্ষক বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তম কুমার সাহাকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রশাসনেরও সাহস নেই সেই প্রার্থীর বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়ার। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় থাকাটা অমূলক নয়।
বিএনপির মেয়র প্রার্থী পরিতোষ চক্রবর্তী বলেন, ‘আওয়ামী লীগের লোকজন ভোটারদের মধ্যে হুমকি দিয়ে বলে বেড়াচ্ছেন, তাঁরা এক ভোট হলেও নির্বাচনে জিতবেন। এ কারণে সাধারণ ভোটারদের মধ্যে ভয় কাজ করছে। পৌর নির্বাচন আদৌ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে আমিও সংশয়ে আছি।’
আওয়ামী লীগের মেয়রপ্রার্থী উত্তম কুমার সাহা বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী মনোনয়ন দিলেও স্থানীয় প্রশাসন নিরপেক্ষভাবেই কাজ করছে। আমার দল ও আমার সম্পর্কে স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল কৌশলে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।’ তিনি দাবি করেন,তিনি ১৬ বছর এ পৌরসভায় মেয়র ছিলেন। তখন প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। এতে ঈর্ষান্বিত হয়েও প্রতিপক্ষের লোকজন এ ধরনের অপপ্রচারে ইন্দন দিচ্ছে।