সংসদ অধিবেশন শুরু, চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশন চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন চলবে। প্রতিদিন অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ, জাতীয় সমাজতান্ত্রিক দলের মঈন উদ্দীন খান বাদল এবং পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।
অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে থেকে অগ্রবর্তীজনেরা সংসদ অধিবেশন পরিচালনা করবেন।
সংসদের এ অধিবেশনে ফারুক খান, মোতাহার হোসেন, সোহরাব উদ্দিন, ফখরুল ইমাম ও মাহজাবিন খালেদ সভাপতিমণ্ডলীর দায়িত্ব পালন করবেন।
অধিবেশনের শুরুতে নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে স্পিকার শোকপ্রস্তাব উত্থাপন করেন। এ ছাড়া সাবেক সাংসদ হারুনার রশিদ খান মুন্নু, খান টিপু সুলতান, মো. আলী সিকদার, এস এম আবু সাঈদ, মো. মোজাম্মেল হক, মো. ছানাউল্লাহ, মো. বদরুদ্দোজা, সাবেক সচিব মাহবুবুর রহমান, নজরুল গবেষক সুধীন দাশ, সংগীতশিল্পী আবদুল জব্বার, সংগীত বিশেষজ্ঞ করুণাময় গোস্বামী, মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন আহমেদ, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক মো. ফজলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।