সংসদ অধিবেশন সামনে রেখে ডিএমপির নির্দেশনা
জাতীয় সংসদের ১৭তম অধিবেশন উপলক্ষে আজ থেকে নির্দিষ্ট কিছু এলাকায় অস্ত্র-বিস্ফোরক পরিবহন এবং সমাবেশ-মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
যেসব এলাকায় এ নিষেধাজ্ঞা থাকবে সেগুলো হলো ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।