সংসদ অধিবেশনে সচিবদের উপস্থিত থাকতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্ত্রণালয়ের সচিব কিংবা অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাদের সংসদে উপস্থিত থাকতে চিঠি দেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমান স্বাক্ষরিত এই চিঠি বিশেষ বার্তা বাহকের মাধ্যমে গত রোববার সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে পাঠানো হয়।ওই চিঠিতে বলা হয়, সংসদ অধিবেশন চলাকালে দিনের কর্মসূচিতে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগের সচিবদের সংসদ গ্যালারিতে উপস্থিতি আবশ্যক। তবে কোনো কারণে সচিব উপস্থিত না থাকতে পারলে ন্যূনপক্ষে অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে থাকতে হবে। সংসদ সচিবালয়ের গ্যালারিতে বসে নোট নেওয়ার ব্যবস্থা করবে। এ ছাড়া মন্ত্রীদের প্রতিশ্রুতি ও সাংসদদের বক্তব্যের রেকর্ড নিতে সংশ্লিষ্ট কাউন্সিল অফিসারের গ্যালারিতে উপস্থিতি বাধ্যতামূলক করতে হবে। সংশ্লিষ্ট কাউন্সিল অফিসারকে বিশেষ প্রয়োজন ছাড়া এক বছরের মধ্যে বদলি করা যাবে না।সাত দফা নির্দেশনাসংবলিত ওই চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। চিঠিতে গত ২৭ অক্টোবর অধিবেশনে মন্ত্রী ও কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে সাংসদদের আলোচনার বিষয়টিও উল্লেখ করা হয়। সেদিন অধিবেশনে মন্ত্রী ও কর্মকর্তাদের অনুপস্থিতির তীব্র সমালোচনা করেন সরকারি দলের কয়েকজন জ্যেষ্ঠ সাংসদ।ডেপুটি স্পিকার শওকত আলী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সংসদে সাংসদেরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। মন্ত্রীরা থাকলেও অনেক সময় অনেক বিষয়ে হয়তো নোট নিতে পারেন না। তাঁদের এসব বক্তব্যের নোট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিলে মন্ত্রীর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুবিধা হয়। তাই মন্ত্রীদের পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও উপস্থিতি নিশ্চিত করতে সরকারকে অনুরোধ করা হয়েছে।