সংসদ, উপজেলা হয়ে আবার ইউপিতে
তিনবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে একবার জিতেছিলেন। এরই মধ্যে একবার সংসদ নির্বাচন ও আরেকবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান তিনি। এবার আবার তিনি ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। বারবার নির্বাচনে অংশ নেওয়া এ লোকটি হলেন আবদুল হালিম সরকার ওরফে লাল মিঞা।
বর্তমানে আবদুল হালিম সরকার কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা কমিটির সভাপতি। তিনি উপজেলার কালিয়া ইউপিতে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়নে নির্বাচন করছেন। ৩ মে সখীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। পঞ্চম ধাপে ২৮ মে সখীপুরের ছয় ইউপিতে ভোট হবে।
স্থানীয় নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আবদুল হালিম সরকার ১৯৯৬ সালে প্রথম কালিয়া ইউপি থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে মাত্র ৫৯ ভোটে হেরে যান। ২০০৩ সালের নির্বাচনে তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১১ সালের ইউপি নির্বাচনে তিনি হেরে যান। এবার চতুর্থবারের মতো ইউপি চেয়ারম্যান পদে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়নে লড়াই করছেন।
এর আগে তিনি ১৯৯৯ সালের উপনির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাল প্রতীকে নির্বাচন করে জামানত হারান। সর্বশেষ ২০১৪ সালে তিনি সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে সাড়ে ২৫ হাজার ভোট পেয়ে তৃতীয় হন।
আবদুল হালিম সরকার প্রথম আলোকে বলেন, ‘সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকীর পক্ষ হয়ে গামছা প্রতীক পাওয়ার জন্য আমরা ২৮ জন কাদের সিদ্দিকীর অনুসারী ওই উপনির্বাচনে অংশ নিয়েছিলাম। ভোটে জয়লাভ করার কোনো উদ্দেশ্য ছিল না। ওই নির্বাচনে কত ভোট পেয়েছি, তার খোঁজও রাখিনি। তবে এবারের ইউপি নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা হচ্ছে।’ তিনি বলেন, ‘ভোটে কারচুপি না হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব।’
আবদুল হালিম সরকারের এলাকা বড়চওনা গ্রামের স্কুলশিক্ষক আতিকুল হক বলেন, তিনি এবার ষষ্ঠবারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসলে যেকোনো নির্বাচন এলেই তিনি বসে থাকতে পারেন না।