সংসদ উপনেতার কাছে নিরাপত্তার দাবি ইউপি চেয়ারম্যানদের
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মলয় বসু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামির গতকাল বুধবার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।এদিকে, মলয় বসু স্মরণে সালথা উপজেলা প্রশাসন গতকাল দুপুরে এক শোকসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ উপনেতা স্থানীয় নগরকান্দা ও সালথার সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরী। শোকসভায় সাজেদা চৌধুরীর কাছে নিজেদের নিরাপত্তার দাবি জানিয়েছেন সালথার অপর সাত ইউপির চেয়ারম্যান।জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মোমিনুল হাসান ইউপি মলয় বসু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত দুই আসামি আটঘর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বকুল মাতুব্বর (৪৫) ও নছিমনের চালক ওমর শেখকে (৩০) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। শুনানির পর তিনি এ আদেশ দেন।জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক প্রথম আলোকে বলেন, কাল (আজ) বৃহস্পতিবার আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু হবে।স্মরণসভায় গোট্টি ইউপির চেয়ারম্যান ফজলে মতিন বাদশা বলেন, ‘প্রকাশ্যে মলয়ের এ নির্মম হত্যাকাণ্ডে আমরা বাকি সাত ইউপির চেয়ারম্যান নিরাপত্তাহীনতায় আছি। বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল মলয়। সাধারণ ডায়েরি (জিডি) করেছে, এলাকায় মানববন্ধন হয়েছে। কিন্তু প্রশাসন বিষয়টি গুরুত্ব দেয়নি।’সোনাপুর ইউপির চেয়ারম্যান আবদুল কুদ্দুস মোল্লা সংসদ উপনেতার উদ্দেশে বলেন, ‘আমরা এলাকায় ঠিকমতো চলাফেরা করতে না পারলে আপনার সংসদীয় এলাকা কীভাবে ঠিক রাখব।’সভায় মলয়ের মেয়ে বাঁধন বসু বাবার হত্যাকারীদের ফাঁসি দাবি করে।সাজেদা চৌধুরী বলেন, ‘মানুষের জন্য কাজ করতে গিয়ে নিহত হয়েছেন মলয়। এ হত্যাকাণ্ডের বিচার হবে, হবে, হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহিনুর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, সালথা উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার প্রমুখ।সন্ধ্যায় আটঘরের সারুকদিয়া উচ্চবিদ্যালয় মাঠে মলয় বসু স্মরণে আরও একটি স্মরণসভার আয়োজন করা হয়।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে জানান, মামলাটি জেলার চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।৭ ফেব্রুয়ারি মঙ্গলবার কানাইপুর ইউনিয়নের রণকাইলে ঘাতকেরা মলয় বসুকে কুপিয়ে হত্যা করে। গত শুক্রবার মলয়ের স্ত্রী ববিতা বসু ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যার মামলা করেন।