সংসদ উপনেতার নির্দেশে সালথায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলা সদরে গতকাল শুক্রবার ১৪৪ ধারা জারি করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আওয়ামী যুবলীগের সভা ও ইফতার অনুষ্ঠান হয়নি। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ অভিযোগ করেন, সালথা উপজেলা বিএনপি গতকাল বিকেলে সালথা উচ্চবিদ্যালয়ে সভা ও ইফতার মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরী ভয় পেয়ে বিএনপির কর্মসূচি পণ্ড করতে স্থানীয় যুবলীগকে দিয়ে ওই স্থানে পাল্টা কর্মসূচি দেন। পরে তিনি ওই স্থানে ১৪৪ ধারা জারি করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।গতকাল বেলা আড়াইটার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সঙ্গে ১৪৪ ধারা জারি নিয়ে কথা হয়েছে। তিনি আমার কাছে তাঁর অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন—আমি অপারগ। সংসদ উপনেতার নির্দেশে সালথায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’ শামা ওবায়েদ বলেন, ‘১৪৪ ধারা ভেঙে, সব বাধা চূর্ণ করে সালথায় গিয়ে ইফতার পার্টি করতে পারতাম। কিন্তু আমি চলে যাওয়ার পর আমার নেতা-কর্মীদের গ্রেপ্তার করাসহ মামলা দিয়ে হয়রানি করা হতে পারে বলে তা করা থেকে বিরত রয়েছি।’সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খসরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।শামা ওবায়েদের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁকে (শামা ওবায়েদ) বলেছি, দুই পক্ষ যেহেতু একই জায়গায় অনুষ্ঠান আহ্বান করেছে, এ কারণে ওই খানে ১৪৪ ধারা জারি করতে হবে।’ সংসদ উপনেতা তাঁর সহকারী একান্ত সচিবের (এপিএস) মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ রকমই নির্দেশনা দিয়েছেন।যোগাযোগ করা হলে সংসদ উপনেতার এপিএস শফিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ইউএনওকে বলেছি, দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে ১৪৪ ধারা জারির প্রয়োজন হতে পারে। তবে আমি মনে করি, ইউএনও সাহেব ১৪৪ ধারা জারি করে ঠিক করেছেন।’ এপিএস দাবি করেন, ‘১৪৪ ধারা জারির ব্যাপারে সংসদ উপনেতা কোনো নির্দেশ দেননি। এটা স্থানীয় পর্যায়ের ব্যাপার। শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ মেনে নেওয়া যায় না।’ সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শংকর কুমার দাস প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার রাতেই ১৪৪ ধারা জারির ঘোষণা মাইকে প্রচার করা হয়েছে। বিএনপি বা যুবলীগ কোনো পক্ষই অনুষ্ঠান করতে আসেনি। পরিস্থিতি শান্ত রয়েছে।