সংসদ এলাকায় বহিরাগতদের গাড়ি প্রবেশ নিষিদ্ধের সুপারিশ
জাতীয় সংসদ ভবনের নিরাপত্তায় সংসদ এলাকায় বহিরাগত, বহিরাগত ব্যক্তিদের কার ও মোটরসাইকেলের প্রবেশ নিষিদ্ধ করার সুপারিশ করেছে সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটি। এ ছাড়া কমিটি মূল ভবনের বাইরে সংসদ এলাকায় সিসি ক্যামেরা লাগাতে বলেছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির বৈঠকে আজ সোমবার এ সুপারিশ করা হয়। কমিটির আহ্বায়ক উম্মে রাজিয়া কাজলের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী অংশ নেন। বৈঠকে পুলিশের তেজগাঁও অঞ্চলের শীর্ষ কর্মকর্তা ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় থেকে জানা যায়, গুলশানের হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য ছলিম উদ্দিন তরফদার প্রথম আলোকে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংসদ ভবনের নিরাপত্তার বিষয়ে আলাদা করে ভাবতে হচ্ছে। কমিটি মনে করে, সংসদ সদস্য ও বৈধ পাসধারী ব্যক্তি ছাড়া অন্য কারও কার বা মোটরসাইকেলের প্রবেশ নিষিদ্ধ থাকা উচিত। মূল ভবনের বাইরে সংসদ এলাকায় কী হচ্ছে না হচ্ছে, সে বিষয়ে সংসদ কর্তৃপক্ষ কিছুই জানে না। কোনো ধরনের নাশকতা ঘটলে তা শনাক্ত করার কোনো উপায় নেই। সে জন্য কমিটি সিটি ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছে। এ ছাড়া দক্ষিণ পাশের সীমানাপ্রাচীরের ওপরে কাঁটাতার লাগাতে বলেছে। তিনি আরও বলেন, বৈধ পাস বা সাংসদ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সম্মতি ছাড়া কোনো বহিরাগতও সংসদ ভবন এলাকায় ঢুকতে পারবেন না।
সংসদ সদস্য ভবনে বহিরাগত ব্যক্তিরা থাকতে পারবেন না বলেও কমিটি একমত হয়েছে। ছলিম উদ্দিন বলেন, অভিযোগ আছে, সাংসদদের অনেকের বাসায় তাঁরা নিজেরা থাকেন না। তাঁদের কর্মচারী ও আত্মীয়স্বজনেরা থাকেন। নিজেদের নিরাপত্তার খাতিরে এটা হওয়া উচিত নয়। কমিটি সাংসদদের নিয়ে একটি মতবিনিময়সভা করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে সদস্য ভবন থেকে বহিরাগত ব্যক্তিদের বের করে দেওয়ার অনুরোধ জানানো হবে। সংসদ কমিটির সঙ্গে আলোচনা করে এই মতবিনিময় সভার তারিখ ঠিক করা হবে।
এর আগে সংসদ ভবনের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট সরবরাহ করা হয়েছে।