সংসদ এলাকায় সরস্বতী পূজা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ এলাকায় প্রথমবারের মতো সরস্বতী পূজা উদ্যাপিত হবে। এ জন্য সংসদ সচিবালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মূল ভবনের বাইরে পূর্ব দিকের প্লাজায় মেডিকেল সেন্টারের সামনের খোলা জায়গায় সরস্বতী পূজার মণ্ডপ বসানো হবে। এ জন্য সংসদের তিনটি ফটক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। ২৫ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ জন্য আগ্রহী সাংসদ ও কর্মকর্তারা চাঁদা দিচ্ছেন।
জানতে চাইলে সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আগে তো কখনো হয়নি। এবারই প্রথম কয়েকজন সাংসদ সংসদ এলাকায় পূজা অনুষ্ঠানের অনুরোধ জানালে স্পিকার তাতে সম্মতি দেন। তবে অধিবেশনের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য পূজার অনুষ্ঠান বিকেলের মধ্যেই শেষ করা হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ এলাকায় সরস্বতী পূজা উদ্যাপনের প্রস্তাবটি দেন সরকারি দলের সাংসদ পংকজ নাথ। এতে সরকারি ও বিরোধী দলের সাংসদ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা সায় দেন। বর্তমানে সংসদ এলাকার দক্ষিণ প্লাজায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে।