সংসদ ও পৌর নির্বাচনে ‘নীরব পর্যবেক্ষক’ থাকবে
নির্বাচন কমিশন ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়ীয়া-৩ আসনের উপনির্বাচনে এবং পৌরসভা নির্বাচনে ‘নীরব পর্যবেক্ষক’ নিয়োগ দেবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত সাংবাদিকদের এ কথা জানান। এর আগে ভোলা-৩ উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কমিশন নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল। তাঁদের ‘নীরব পর্যবেক্ষক’ বলা হয়েছিল। জনবল সংকটের কারণে কমিশন সদ্য শেষ হওয়া পৌরসভা নির্বাচনে নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ করতে পারেনি। আগামী ২৭ জানুয়ারি দুই আসনের উপনির্বাচনের পাশাপাশি ১৪টি পৌরসভাতেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাখাওয়াত হোসেন জানান, দুই আসনের নির্বাচনে আজ শুক্রবার থেকে সাত দিনের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে কমিশনের নিজস্ব পর্যবেক্ষক থাকবেন। তাঁরা নির্বাচনী এলাকার যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা সম্পর্কে দ্রুত কমিশনকে তথ্য জানাবেন। তিনি আরও জানান, প্রতিটি পৌরসভাতেও দুই-তিনজন করে কমিশনের নিজস্ব পর্যবেক্ষক থাকবেন।