ভাষাসৈনিক আবদুল মতিন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার আবদুল মতিনকে দেখতে তাঁর বাসায় যান খালেদা জিয়া। এ সময় খালেদা জিয়ার প্রতি ভাষাসৈনিক এ আহ্বান জানান।গতকাল রাত আটটার পর মোহাম্মদপুরে আবদুল মতিনের ভাড়া বাসায় পৌঁছান খালেদা জিয়া। সেখানে তিনি প্রায় সোয়া ঘণ্টা অবস্থান করেন। তিনি আবদুল মতিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কুশলবিনিময় করেন।প্রবীণ এই ভাষাসৈনিক বিরোধীদলীয় নেতাকে আরও বলেন, ‘দেশ এখন সংকটে। মানুষ ভালো নেই। দেশবাসী আপনার পাশেই আছেন। আপনি সংসদে যান।’ তিনি আরও বলেন, ‘বিরোধী দল সংসদে না যাওয়ায় সরকারি দল তাদের ইচ্ছেমতো অনেক কিছু করছে। আপনি সংসদে গিয়ে মানুষের পক্ষে কথা বলুন। গণতান্ত্রিক লড়াই চালিয়ে যান। সবাই আপনার পাশে আছে।’জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনি (মতিন) এ দেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন, আপনার দীর্ঘ অভিজ্ঞতা আমাদের পাথেয় হবে।’আবদুল মতিন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। জোট ও সমমনাদের সঙ্গে বৈঠক: গতকাল রাতে আগামী ১২ মার্চের মহাসমাবেশকে সামনে রেখে চারদলীয় জোটের শরিক ও সমমনা দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া। বৈঠকে সহাসমাবেশ সফল করার বিষয়ে আলোচনা হয়।গতকাল রাত ১০টার দিকে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহাসমাবেশ সফল করা ছাড়াও আগামী দিনের আন্দোলনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান খালেদা জিয়া।