সংসদ কার্যকর হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও সাংসদরা বক্তব্য রেখেছেন। গত তিন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মন্ত্রীরা। তাই দশম জাতীয় সংসদ কার্যকর হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী রোটারি ডিস্ট্রিক্ট সম্মেলনের উদ্বোধন শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে সব ধরনের আলোচনার ক্ষেত্র ও কেন্দ্রবিন্দু হচ্ছে জাতীয় সংসদ। দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার জন্য জাতীয় সংসদ যাতে কার্যকর ক্ষেত্র হতে পারে, সে জন্য কাজ করে যাব।’
স্পিকার আরও বলেন, জনগণের প্রত্যাশা ও জীবনমান উন্নয়ন এবং আইনের শাসনকে সমুন্নত রাখতে জনপ্রতিনিধিরা ভূমিকা রাখবেন। সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গঠনমূলক সমালোচনা হবে এবং কোনো কোনো ক্ষেত্রে সরকারের সঙ্গে বিরোধী দলের মতৈক্য হবে।
এর আগে আজ সকালে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এতে আরও বক্তব্য দেন রোটারি ইন্টারন্যাশনালের সভাপতির প্রতিনিধি ভারতের ডিস্ট্রিক্ট-৩২০১-এর ডিস্ট্রিক্ট গভর্নর ক্যাসাভা সাঙ্কারা পিল্লাই, সাবেক মন্ত্রী এল কে সিদ্দিকী, সম্মেলন আয়োজক কমিটির সভাপতি সুফি মিজানুর রহমান, ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান এম আমিনুজ্জামান ভুঁইয়া, রোটারিয়ান এম এ আওয়াল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাবিয়ানা মোহসীন। এবারের সম্মেলনের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘নতুন দিগন্তের অগ্রণী সম্মেলন’।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শিক্ষার উন্নয়ন ও পোলিও নির্মূলে রোটারি ক্লাবের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, রোটারিয়ানরা ১০৭ বছরের দীর্ঘ যাত্রায় বিজ্ঞান ও ভূ-রাজনৈতিক পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। কিন্তু তাঁরা রোটারি দর্শন ‘নিজের ওপরে সেবা’ এবং মূল্যবোধ হিসেবে সেবা, বন্ধুত্ব, বহুমাত্রিকতা, একাগ্রতা ও নেতৃত্বের ধারণা বদলাননি। তাঁরা দক্ষিণ এশিয়াকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে কাজ করে যাচ্ছেন।