সংসদ কাল ছিল নিষ্প্রাণ
জাতীয় সংসদের অধিবেশন গতকাল মঙ্গলবার ছিল অনেকটাই নিষ্প্রাণ। সাংসদদের উপস্থিতিও ছিল বেশ কম। পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার আগ্রহও তেমন দেখা যায়নি। অথচ এর আগের দিন সোমবার যোগাযোগমন্ত্রী ও সচিবের একটি চিঠি নিয়ে সংসদ কিছু সময়ের জন্য বেশ প্রাণবন্ত হয়ে উঠেছিল।গতকাল অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনকক্ষে ছিলেন। কিছুক্ষণ পর তিনি চলে যান। এরপর থেকে উপস্থিত সাংসদদের সংখ্যাও কমতে থাকে। রাত পৌনে আটটার দিকে অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন ৫৯ জন, যা কোরামের জন্য নির্ধারিত উপস্থিতি ৬০ জনের কম। তবে বিষয়টি কেউ উত্থাপন না করায় অধিবেশন অব্যাহত থাকে। রাত আটটার দিকে সামনের সারিতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ছাড়া অন্য সবার আসন ছিল খালি। প্রধান বিরোধী দল বিএনপিসহ চারদলীয় জোটের সদস্যরা গত জুন থেকে সংসদে টানা অনুপস্থিত রয়েছেন।স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাতে অধিবেশন পরিচালনা করেন প্যানেল সদস্য মুজিবুল হক।দিনের কার্যসূচিতে আইন প্রণয়ন কার্যাবলী ছিল না। তাই প্রশ্নোত্তরপর্ব আর ৭১ বিধির নোটিশ শেষে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় সরকারি দলের এম এ মান্নান, মো. সিরাজুল আকবর, শামসুল হক চৌধুরী, আসাদুজ্জামান খান, রওশন জাহান সাথী, শওকত আরা বেগম ও জিয়াউর রহমান অংশ নেন। এরপর অধিবেশন আজ বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: নিজ বাসায় ডাকাতি হলেও গতকালের অধিবেশনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভালো বলেছেন সরকারি দলের সংরক্ষিত আসনের সাংসদ শাহিদা তারেখ দীপ্তি। ৭১ বিধির নোটিশে তিনি পল্লবী থানার ভবন নির্মাণ এবং পুলিশের জন্য গাড়ি বরাদ্দের আবেদন জানিয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। নতুন গাড়ি ও থানা ভবনের নির্মাণকাজ শেষ হলে পুলিশ আরও ভালোভাবে কাজ করতে পারবে। প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি সাংসদ শাহিদার পল্লবীর ভাড়া বাসায় হানা দিয়ে ডাকাতেরা তাঁর হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।