সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু, এবার তা প্রমাণিত হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা বলেছেন, সংসদ যে গণতন্ত্রের কেন্দ্রবিন্দু, আলোচনা করার ক্ষেত্রে সাংসদদের যে স্বাধীনতা আছে, তা এবারের বাজেট অধিবেশনে প্রমাণিত হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এবার সরকারি দলের একাধিক মন্ত্রী ও জ্যেষ্ঠ সাংসদ অর্থমন্ত্রীর কঠোর সমালোচনা করেছিলেন। ব্যাংক আমানতে আবগারি শুল্ক না বাড়ানো, সঞ্চয়পত্রে সুদ না কমানো এবং ১৫ শতাংশ ভ্যাট আরোপ না করার দাবি জানিয়ে বক্তব্য দিয়েছিল বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের সদস্যদের একটি বড় অংশ।

এ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘বাজেট নিয়ে সংসদে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হয়েছে। যখন আমাদের সরকারি দলের সদস্যরা আলোচনা করেছেন, তাঁরা সরকারি দলে আছেন, না বিরোধী দলে, সেটা বুঝতেও সময় লেগেছে। কারণ, তাঁরা কিন্তু কোনো জায়গায় এতটুকু খুঁত দেখেছেন, ছাড় দেননি। আসলে এটাই গণতন্ত্র। এটাই গণতন্ত্রের চর্চা। সংসদ যে গণতন্ত্রের কেন্দ্রবিন্দু, এখানে সব ধরনের আলোচনা করতে পারেন সংসদ সদস্যরা, সেই স্বাধীনতা সংসদ সদস্যদের যে আছে, সেটা এবার প্রাণবন্ত আলোচনার মাধ্যমে প্রমাণিত হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি আমদানি শুল্ক, ভ্যাট আইন ও ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বিশেষ নজর দেওয়ার পরার্মশ দিয়েছেন। তিনি ভ্যাট আইন দুই বছর স্থগিত রাখা, ব্যাংক আমানতে আবগারি শুল্ক কমানো এবং আমদানি শুল্ক ১০ শতাংশ করার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, এবারের প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। আওয়ামী লীগ সরকার কারও কাছে ভিক্ষা বা অনুদান নিয়ে চলতে চায় না। নিজের পায়ে দাঁড়াতে চায়। একটা সময় বিদেশি অনুদান না পেলে বাজেট প্রণয়নই হতো না। ২০০৮-২০০৯ অর্থবছরে অনুদানের হার ছিল ৬ দশমিক ৪ শতাংশ। আর প্রস্তাবিত বাজেটে তা ধরা হয়েছে ১ দশমিক ৪ শতাংশ।

ঋণ নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঋণের বোঝা গ্রহণযোগ্য পর্যায়ে থাকবে। তিনি কথা দিতে পারেন এ কারণে বাড়তি চাপ তৈরি হবে না। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

চালের মজুত কম নয়

চালের দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, হাওরে ফসল নষ্ট হওয়া ছাড়াও এর পেছনে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিও থাকতে পারে। খাদ্যের অভাব নেই। তবে কিছুদিন ধরে চালের দাম বেড়েছে। চালের মজুত যে খুব কম তা নয়। সরকারের অনুমোদিত মিলগুলোতে মজুতের পরিমাণ ৫৪ লাখ ৪০ হাজার ৩৬৫ মেট্রিক টন। সরকারি গুদামে মজুত আছে ১ লাখ ৮৮ হাজার মেট্রিক টন। আর অননুমোদিত মিল, কৃষক পর্যায়ে, আড়তদার ও খুচরা বাজারে মজুতের পরিমাণ ৫০ লাখ ৩০ হাজার ৬৫৬ মেট্রিক টন। অর্থাৎ, ১ কোটি ৬ লাখ ৫৮ হাজার ১২১ মেট্রিক টন খাদ্য দেশে মজুত রয়েছে। আর চালের দাম কিছুটা বাড়লেও কৃষক কিন্তু এবার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পেয়েছেন।

কর দেওয়ার আহ্বান

জনগণকে কর দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়ন চাইবেন আবার কর দেবেন না, তা কীভাবে হবে? কর ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া।’ তিনি বলেন, অনেকে বিদেশ থেকে পুরস্কার পাওয়ার পর পুরস্কারের টাকার ওপর কর মাফ চান। তিনি নিজে অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি কখনো কর মাফ চাননি।

প্রধানমন্ত্রী তাঁর প্রায় দেড় ঘণ্টার বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, কৃষি, বিদ্যুৎ, গ্যাস, সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ এখন বিদেশিদের কাছে উন্নয়নের রোল মডেল। বিদেশে গেলে অনেকে তাঁর কাছে উন্নয়ন কীভাবে হচ্ছে তা জানতে চান। তিনি বলেন, ‘আমরা ক্ষমতাকে কখনো ভোগ-বিলাসের বস্তুতে পরিণত করিনি।’

মেয়ের দেওয়া শাড়ি

প্রধানমন্ত্রী গতকাল যে শাড়ি পরে সংসদে যান, সেটি তাঁর মেয়ে সায়মা হোসেন দিয়েছেন। এই তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমি একটা শাড়ি পরে এসেছি। আমার মেয়ে আজকে তার কিছু বিদেশি বন্ধু নিয়ে এসেছিল, তারা সোনারগাঁ গিয়েছিল দেখতে। সেখানে তাঁতিরা তাঁত বোনে। সেখান থেকে এই শাড়িটা কিনে এনেছে। ৬ হাজার ৫০০ টাকা দাম চেয়েছিল। সেখান থেকে নাকি আবার ৫০০ টাকা কম নিয়েছে। কম নেওয়ার জন্য জামাই বাবাজিকে বললাম, ৫০০ টাকা কম দিলে কেন, বরং ৫০০ টাকা বেশি দিয়ে আসতে পারতে। সে বলল, কিনতে গেলে তো একটু বার্গেনিং করতেই হবে। আমি এই শাড়িটি পরেই আজকে এসেছি।’

শ্রেষ্ঠতম বাজেট: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে বলেন, এবারের বাজেট ঘোষণার পর দেশের সর্বস্তরের জনগণ এর পক্ষে-বিপক্ষে যেভাবে আলোচনা-পর্যালোচনা করেছেন, তা ইতিবাচক মনে হয়েছে। তিনি বলেন, ‘সুদীর্ঘ আলোচনা ও বিতর্কের পর বাজেটটিকে নানাভাবে সমৃদ্ধশালী ও জনবান্ধব করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ও পরামর্শ গ্রহণ করে যেভাবে এটি প্রস্তাবিত হয়েছে, তাতে সত্যিই দাবি করছি যে এটি একটি অতি উত্তম বাজেট প্রস্তাব, আমার জীবনের শ্রেষ্ঠতম বাজেট।’

অর্থমন্ত্রী বলেন, ‘এক দশকে বাংলাদেশের অর্থনীতিতে যে অভাবনীয় অগ্রগতি হয়েছে, তার পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ ও দূরদর্শী উন্নয়নের দর্শন। তাঁর রচিত উন্নয়নের রূপকল্প দেশের আপামর মানুষের মনে সৃষ্টি করেছে এক অসাধারণ আত্মপ্রত্যয়। উন্নয়নের মহাসড়কে আমাদের দৃপ্ত পদচারণায় সচকিত বিশ্ববাসী। আমাদের অগ্রগতির এ মহাযজ্ঞে দেশের সকল মানুষই গর্বিত অংশীদার।’

অর্থমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র ব্যক্তিস্বার্থকে তুচ্ছ করে দেশের বৃহত্তর কল্যাণে ত্যাগ স্বীকার না করে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশই উন্নত বিশ্বের কাতারে শামিল হতে পারেনি। দেশকে উন্নত করতে হলে আমাদেরও একইভাবে ব্যক্তিগত লাভ-ক্ষতির ঊর্ধ্বে উঠে উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনের মাধ্যমে জাতির জনকের স্বপ্নপূরণে আত্মনিয়োগ করতে হবে। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রয়াসে আমরা একটি সমৃদ্ধ, উন্নত, সুখী ও শান্তিময় বাংলাদেশ বিনির্মাণে সফল হবই হব।’