সংসদ চলবে ৯ জুলাই পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চলতি অধিবেশন আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। আগামী বৃহস্পতিবার অর্থমন্ত্রী বাজেট বিল উত্থাপন করবেন। আজ সোমবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে স্পিকার চাইলে অধিবেশনের সময় বাড়াতে বা কমাতে পারবেন।

সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক হয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে অধিবেশন শুরু হবে। তবে রমজান মাসে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অধিবেশন বসবে। বৈঠকে সিদ্ধান্ত হয়, বাজেটের ওপর মোট ৪৫ ঘণ্টা আলোচনা হবে।
বৈঠকে কমিটি সদস্য সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, এইচ এমÄএরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আবদুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল ও আনিসুল হক এবং বিশেষ আমন্ত্রণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অংশ নেন।
বৈঠকের পর বিকেল সাড়ে পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ষষ্ঠ অধিবেশনের প্রথম কার্যদিবস শুরু হয়। শুরুতে স্পিকার সাংসদদের স্বাগত জানান।
এরপর স্পিকার সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদ, সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ, সাবেক সাংসদ আফছার আলী, সাবেক গণপরিষদ সদস্য সেতাব আলী খান, সাবেক সাংসদ সরদার আমজাদ হোসেন, মোহাম্মদ সেলিম, মুহাম্মদ আশরাফ আলী, মাইন উদ্দিন ভূঁইয়া, মজিবুর রহমান, ফজলুর রহমান সুলতান, চৌধুরী মোতাহার হোসেন, নওশের আলী সরকার, সংসদ সচিবালয়ের কর্মচারী শাহজাহান খান, আগরতলা মামার আসামি আবদুর রউফ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারী প্রেস সচিব আমিনুল হক, ভাস্কর নভেরা আহমেদ, সাংবাদিক হোসাইন জাকির, অভিনেতা সিরাজুল ইসলামের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন।