সংসদ টিভিতে উভয় দলের বক্তব্যই প্রচার করতে হবে: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, সংসদ বাংলাদেশ টিভিতে সরকারি ও বিরোধী দল—উভয় পক্ষের বক্তব্যই প্রচার করতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যের মতো বিরোধী দলের নেতার বক্তব্যও প্রচার করা হবে। বিটিভির মতো সংসদ টিভিও যদি প্রধানমন্ত্রীর বক্তব্যই দেখাতে থাকে, তবে এখানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। স্পিকার বলেন, ‘এটা মনে রাখা দরকার, আমি সরকার বা বিরোধী দলের নই, নিরপেক্ষ।’শনিবার বিকেলে সংসদ ভবনের পশ্চিম পাশের মন্ত্রী হোস্টেলের আইপিডি সম্মেলনকক্ষে সংসদ বাংলাদেশ টিভির সম্প্রচার নিয়ে সংসদ সচিবালয় ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এরপর তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘মাননীয় স্পিকার যে বিষয়টি তুলেছেন, তার সঙ্গে পলিসির বিষয় জড়িত। সুতরাং, এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা নেওয়া উচিত। এ ক্ষেত্রে সবাই মিলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা যেতে পারে।’তথ্যমন্ত্রী বলেন, সংসদ টিভির ব্যাপারে স্পিকারের মতামতই সরকারের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে বিষয়টি যেহেতু এখনো প্রাথমিক পর্যায়ে, সে জন্যই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে বলেছি।’ সংসদ টিভি পরিচালনায় তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, সংসদ চাইলে এ টিভির সম্প্রচারের সময় বাড়ানো হবে।এ সময় স্পিকার বলেন, ‘যেসব বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত না করলেই নয়, সেগুলোই তাঁকে জানানো প্রয়োজন। বাকিটা সবাই মিলে করতে না পারলে কীভাবে হবে? সবকিছুর ব্যাপারেই প্রধানমন্ত্রীর কাছে যাওয়া ঠিক হবে না।’ তিনি বলেন, ‘সংসদ টিভির শুরু প্রধানমন্ত্রীকে নিয়েই হয়েছে। এই টেলিভিশন চ্যানেলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাসও দিয়েছেন তিনি।’এর আগে চিফ হুইপ আবদুস শহীদ বলেন, সংসদ টিভিকে স্বাধীনভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে সংসদ সচিবালয় ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। সংসদসচিব আশফাক হামিদ ও বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন।