সংসদ ডিজিটালাইজড হচ্ছে
জাতীয় সংসদকে ডিজিটালাইজড করে স্বাধীনতার চার দশক উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুসারে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে আগামী বছরের মধ্যে সংসদের সব কাজ ডিজিটালাইজড করা হবে। এদিকে স্বাধীনতার ৪০ বছর পূর্তির প্রথম মাসেই সংসদ বাংলাদেশ টেলিভিশন নামে একটি চ্যানেলের কার্যক্রম শুরু হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র জানায়, জাতীয় সংসদকে ডিজিটালাইজড করার অংশ হিসেবে বক্তৃতার সময়সীমা নির্ধারণে সংসদ কক্ষে ইতিমধ্যে ইলেকট্রনিক বিলবোর্ড লাগানো হয়েছে। সংসদের প্রবেশপথে দুটি মনিটরে প্রদর্শিত হচ্ছে দিনের কার্যসূচি। সংসদ ভবনে চালু হয়েছে ইন্টারনেট-সুবিধা। সাংসদদের টেবিলে কাগজ-পেনসিলের বদলে ল্যাপটপ দেওয়ার চিন্তা চলছে। সংসদ কক্ষসহ পুরো সংসদ ভবনে ওয়াইফাই ইন্টারনেট-সুবিধা দেওয়া হবে। সাংসদেরা দিনের কার্যসূচি মুদ্রিত আকারের পাশাপাশি অনলাইনেও পাবেন। এ ছাড়া অধিবেশন চলাকালে দিনের কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তা সংসদ ওয়েবসাইটে দেওয়া হবে; যাতে নাগরিকেরা ঘরে বসেই তা জানতে পারেন। সংসদে সাংসদদের উপস্থিতি-অনুপস্থিতিও জানা যাবে অনলাইনে। সংসদকে ডিজিটালাইজড করার জন্য সরকারি অর্থের পাশাপাশি বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন-সহযোগীদের কাছ থেকেও প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে। একাধিক উন্নয়ন-সহযোগী এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবও দিয়েছে।স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘সংসদকে পুরো ডিজিটালাইজড করার কাজ আগামী এক বছরের মধ্যেই শেষ করা হবে।’সূত্র জানায়, সংসদ বাংলাদেশ টেলিভিশন চ্যানেল আগামী ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দ্বিতীয় চ্যানেল ব্যবহার করা হবে এবং এর সম্প্রচারও হবে বিটিভির সহায়তায়। স্থাপনা, জনবল, যন্ত্রাংশও বিটিভির। তবে ওই চ্যানেলের জন্য পর্যায়ক্রমে পৃথক জনবলকাঠামো তৈরি ও জনবল নিয়োগ করা হবে। চ্যানেলটিতে সংসদের পুরো অধিবেশন ছাড়াও সংসদ, রাজনীতি, আলোচিত সংসদীয় বিতর্ক এবং বিভিন্ন দেশের সংসদ কার্যক্রম নিয়ে অনুষ্ঠান সম্প্রচার করা হবে। অনুষ্ঠানের পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ ও পর্যালোচনার জন্য সংসদ সচিবালয়, তথ্য মন্ত্রণালয় এবং বিটিভির কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করা হয়েছে।সংসদ বাংলাদেশ নামে স্বতন্ত্র টিভি চ্যানেল চালুর প্রস্তাব ইতিমধ্যে সংসদে সর্বসম্মতভাবে পাস হয়েছে। জানা যায়, চ্যানেলটির জন্য চলতি অর্থবছরে প্রাথমিকভাবে ২০ কোটি টাকার বাজেটও রাখা হয়। স্পিকার এই চ্যানেলের বিষয়ে গত ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গেও একাধিক বৈঠক করেছেন।স্পিকার এ ব্যাপারে বলেন, সংসদ নিয়ে পৃথক টিভি চ্যানেল শুরুর কাজ বাংলাদেশের সংসদীয় ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। ডিসেম্বরেই এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে।