সংসদ থাকা না-থাকা ইসির সঙ্গে আলোচনার পর: এইচ টি ইমাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবিসি বাংলা
বিবিসি বাংলা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সংসদ বহাল থাকবে কি না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনার পর।
গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে এইচ টি ইমাম এ কথা বলেন। বিবিসি বাংলা ও বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন করা হলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা কি সম্ভব হবে—এ প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, নির্বাচনের সময় সংসদ বহাল থাকবে কি না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর। সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ওই কথাটি বলেছেন সংবিধানের ৫৬ ও ৫৭ অনুচ্ছেদ আলোচনার সময়। সদস্য থাকলেও যেন নামমাত্র থাকে, সবার জন্য সমান সুযোগ থাকে (লেভেল প্লেয়িং ফিল্ড), এ কথা বলা হয়েছিল। অনেক সময় সংসদ দীর্ঘায়িত হয়, বিভিন্ন দেশের আলোকে এটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, গণমাধ্যমে যেভাবে এসেছে, তিনি (প্রধানমন্ত্রী) ঠিক ওভাবে কথাটি বলেননি। সংসদ থাকলে কেমন হবে, না থাকলে কেমন হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। ২৫ জানুয়ারি পর্যন্ত বর্তমান সংসদের মেয়াদ আছে, সংবিধান অনুসারে এর আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। এ সময়ের মধ্যে সংসদ ভেঙে দেওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। সে সময় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। শেষ পর্যন্ত নির্বাচন পরিচালিত হবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচনী আচরণবিধি অনুসারে।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এইচ টি ইমাম যেভাবে বলেছেন, প্রধানমন্ত্রীর কথা শেষ কথা নয়, এটা যদি কাছাকাছিও সত্য হয়, তাহলে আমরা আশাবাদী হতে পারি। সংসদ বহাল রাখার বিষয়ে যদি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে থাকে, তাহলে হয়তো আলোচনার সুযোগ আছে। কিন্তু যেখানে প্রধানমন্ত্রী বলেছেন, সেখানে তাঁর উপদেষ্টার কথায় আশ্বস্ত হতে পারছি না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন খান বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যেই স্পষ্ট যে সংসদ বহাল রেখে লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব নয়। সংসদ না ভেঙে নির্বাচনের ইতিহাস বাংলাদেশে নেই।’
বেসরকারি প্রতিষ্ঠান ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বলেন, যদি সংসদ না ভেঙে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সংকট তৈরি হবে।
ফেলানী হত্যার বিচার: সংলাপের সব আলোচক বলেছেন, কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যার বিচার পায়নি বাংলাদেশ ও ফেলানীর পরিবার। এইচ টি ইমাম বলেন, ‘আমরা এর প্রতিবাদ জানাব। মামলাটি যেন বিএসএফের আদালত থেকে ফৌজদারি আদালতে পাঠানো হয়, এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করব।’
তবে ন্যায়বিচার না পাওয়ার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবহেলা ছিল। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে সরকার ভূমিকা রাখতে পারছে না দুর্বল পররাষ্ট্রনীতির জন্য।