সংসদ থেকে জাপার ওয়াক আউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে বিরোধী দল জাতীয় পার্টি আজ রোববার জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করেছে। দশম সংসদে আজই প্রথম দলটি ওয়াক আউট করল। 

আজ রোববার জাতীয় সংসদের অধিবেশন শুরুর ২৩ মিনিট পর বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে ওয়াক আউট করে দলটি। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন।

আজ স্পিকার শিরীন শারমিন চৌধুরী দিনের নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করেন। এরপর বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নেন। তাজুল ইসলাম বলেন, ‘১ মার্চ থেকে বিদ্যুতের দাম বেড়েছে। সরকার পরিকল্পনা অনুযায়ী কম দামে বিদ্যুত্ দিতে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। আমরা তা গ্রহণ করেছি। সরকারকেও সাশ্রয়ী হতে হবে।’

সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে। টিআইবির মন্তব্যের পর সরকারি ও বিরোধী দল উভয়ই সংসদে এর সমালোচনা করেন। আজও তাজুল ইসলাম এ প্রসঙ্গে বক্তব্য রাখেন ও পরে ওয়াক আউট করেন।

তাজুল ইসলাম বলেন, ‘জাতীয় পার্টি অতীতে এককভাবে বিরোধী দলে ছিল না। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির সঙ্গে ছিল। দশম সংসদ নিয়ে টিআইবির প্রতিবেদন সত্যিই দুর্ভাগ্যজনক। টিআইবিকে বলতে চাই, তারা অন্যায়ভাবে বিরোধী দলকে সমালোচনা করেছে।’ তিনি বলেন, ‘অনেক এমপি নতুন। নিয়মকানুন শিখতে একটু সময় লাগবে। বিরোধী দল মানে ফাইল ছুড়ে মারা নয়। জাতীয় পার্টি বিরোধী হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি করতে চায়। আমরা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করব। উন্নয়নের অংশীদার হব।’

বিএনপির উদ্দেশে তাজুল ইসলাম বলেন, ‘যারা এই নির্বাচন কমিশনকে অথর্ব বলে জাতীয় নির্বাচন বর্জন করেছিল, এখন তারাই তাদের অধীনেই উপজেলা নির্বাচন করছে। তারা ভুল বুঝতে পেরেছে।’

তাজুল ইসলাম বলেন, ‘রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি। তিস্তা চুক্তি না হওয়া ও বিদ্যুতের দাম বাড়ানোরও প্রতিবাদ করেছি। আন্তর্জাতিক বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়েনি। কিন্তু সরকার রাজস্বের দৃষ্টিভঙ্গি থেকে এর দাম বাড়িয়েছে। ৬ দশমিক ৯৬ ভাগ বিদ্যুতের দাম বৃদ্ধি আমরা অযৌক্তিক ও অন্যায় মনে করি। এ সিদ্ধান্তে দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।’

তাজুল ইসলাম আরও বলেন, ‘সরকারের এ জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় পার্টি আজ সংসদ থেকে ওয়াক আউট করছে।’