সংসদ থেকে পৌরসভায়
বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচনে হঠাৎ করেই প্রার্থী হলেন সাবেক সাংসদ গোলাম সরোয়ার। তিনি বরগুনা-২ (বামনা-পাথরঘাটা) আসনের সাংসদ ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন তিনি গণসংযোগ চালাচ্ছেন।জানা গেছে, গোলাম সরোয়ার আশির দশকে প্রথম পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৯ সালে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে এবং পরবর্তী সময়ে একই বছরের ১২ জুন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে নির্বাচন করে সাংসদ হন। ২০০১-এ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি। গত বছরের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়েও নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার আসন্ন পাথরঘাটা পৌরসভা নির্বাচনে গোলাম সরোয়ার প্রার্থী হয়ে আকস্মিক গণসংযোগ শুরু করেছেন। গোলাম সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘পাথরঘাটা পৌর এলাকাকে আধুনিক শহরে পরিণত করা এবং নাগরিকদের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে আমি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’গোলাম সরোয়ার ছাড়াও পাথরঘাটা পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে আগ্রহীরা হলেন—মল্লিক মো. আইয়ুব (স্বতন্ত্র), বর্তমান মেয়র আনোয়ার হোসেন আকন্দ, মোস্তাফিজুর রহমান (আওয়ামী লীগ), বর্তমান কাউন্সিলর মোশারেফ হোসেন (আওয়ামী লীগ) ও সাহাবুদ্দিন সাকু (বিএনপি)।