সংসদ নিয়ে অবমাননাকর বক্তব্য দিলে ব্যবস্থা: সুরঞ্জিত
সংসদ, সংবিধান ও রাষ্ট্র নিয়ে অবমাননাকর বক্তব্য দিলে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার এই সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।
সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন সুরঞ্জিত বলেন, বৈঠকে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল নিয়ে আলোচনা হয়। এতে স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে এই বিধান রাখার বিষয়ে আলোচনা হয়। সরকার যদি বিবেচনা করে, কোনো এনজিও সংসদ, রাষ্ট্র ও বিচার বিভাগের বিরুদ্ধে অশালীন বা অবমাননাকর বক্তব্য দিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সুরঞ্জিত বলেন, এনজিওগুলোর এমন অবস্থা যে—আমার ঘরের ছাও, আমারে খাইতে চাও। তারা সরকার ও রাষ্ট্রের সমান্তরাল হয়ে উঠছে। এই অধিকার তাদের নেই। তাদের কাজ সেবামূলক কাজ করা। নির্বাচন নিয়ে কথা থাকতেই পারে। সে বিষয়ে রাজনৈতিক দল কথা বলবে। এর মধ্যে এনজিও কেন? ইফতেখার কিছু কথা বলেছেন, যা অগ্রহণযোগ্য ও অবমাননাকর। সংসদকে পাপেট শো বলেছে। তুমি কে হে? তুমি এনজিও। বাইরের টাকা আনো। তিনি যে কথা বলেছেন তা ফিলদি (নোংরা)।
সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক এবং তাজুল ইসলাম চৌধুরী, শামসুল হক, আবদুল মজিদ খান, তালুকদার মো. ইউনুস, জিয়াউল হক মৃধা ও সফুরা বেগম বৈঠকে অংশ নেন।
টিআইবির বক্তব্য: ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন নিয়ে সোমবার সংসদে অনুষ্ঠিত বিতর্ক ও আলোচনাকে ইতিবাচক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ওই প্রতিবেদনের বিষয়ে সংসদের যেকোনো উদ্যোগে সহায়তা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে। ২০০১ সালের অষ্টম সংসদ থেকে শুরু করে এ পর্যন্ত টিআইবির ‘পার্লামেন্ট ওয়াচ’ সিরিজের প্রতিবেদনগুলো খতিয়ে দেখা যথার্থ হবে বলে টিআইবি মনে করে। গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ কথা বলেন। তিনি বলেন, সম্মানিত সাংসদেরা সম্প্রতি টিআইবির প্রকাশিত ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদনকে যেভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন, তা ইতিবাচক। এই আলোচনাকে টিআইবি তাদের কাজের স্বীকৃতি হিসেবে বিবেচনা করছে।