সংসদ নির্বাচন দিয়ে শুরু, ঠেকেছে কাউন্সিলরে
লেখাপড়ায় পিএইচডিধারী। ডিগ্রি নিয়েছেন লন্ডন থেকে। সমর্থনও পেয়েছেন বিএনপির মতো বড় দলের। কিন্তু বরাবরই অবস্থান বদলের কারণে স্থানীয় লোকজনের কাছে বদি উজ জামান এক রহস্যপুরুষ।
ঢাকা উত্তরের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বদি উজ জামান ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তাও আবার নিজেরই শ্বশুর তৎকালীন বিএনপির হারুন মোল্লাহর বিরুদ্ধে। কামিয়াব হতে পারেননি। তবে দমে যাননি। পরে মিরপুরের প্রভাবশালী মোল্লাহ পরিবারের সদস্য ও নিজেরই শ্যালক ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে আবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার তোড়জোড় করেছিলেন। কিন্তু তত দিনে পারিবারিকভাবে সম্পর্কটা আবার জোড়া লেগে যাওয়ায় প্রার্থী হননি। এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন তিনি।
নিজেকে ভালো বক্তাও মনে করেন এই কাউন্সিলর প্রার্থী। গোলারটেক মাঠে সুশাসনের জন্য নাগরিক—সুজন গতকাল ভোটারদের মুখোমুখি করেছিলেন কাউন্সিলর প্রার্থীদের। সেখানে বদি উজ জামানের জন্য পাঁচ মিনিট বরাদ্দ ছিল। কিন্তু তিনি আয়োজকদের উদ্দেশে বলেন, ‘আমি এত সংক্ষিপ্ত বক্তব্য কখনোই দিইনি। বক্তৃতা শুরু করলে কয়েক ঘণ্টা চলে যায়, এটা সবাই জানে।’
পরে জানতে চাইলে বদি উজ জামান বলেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া তাঁকেই মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু শ্বশুরও প্রার্থী হন। পরে আর পেরে ওঠেননি।
এ বিষয়ে বলেন, ‘আমার যোগ্যতার সঙ্গে পদটা বেমানান। তবে এলাকাবাসীর জোরাজুরিতে প্রার্থী হয়েছি। চেয়ারটা ছোট হলেও মনে হয়েছে এর মাধ্যমে কিছু মানুষের অন্তত উপকার করতে পারব।’