সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে নয় জাপা ও বিকল্পধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমেই সরাসরি সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি ও বিকল্পধারা বাংলাদেশ। তারা সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি ব্যবহার করে যাচাই করার সুপারিশ করেছে।গতকাল বুধবার নির্বাচন কমিশনের (ইসি) আইন সংস্কার-সংক্রান্ত সংলাপে জাপা ও বিকল্পধারা এ মত দেয়।সংলাপে উপস্থিত সূত্র জানায়, বিকেলে সংলাপে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বড় একটি দল ইভিএম পদ্ধতি ব্যবহারের প্রস্তাব নাকচ করেছে। এ নিয়ে এখন বিতর্ক চলছে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা যেতে পারে। তবে তার আগে স্থানীয় নির্বাচনে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি প্রয়োগ করে এর কার্যকারিতা যাচাই করা যেতে পারে।জাপার লিখিত প্রস্তাবে জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসারের দায়িত্ব না দিয়ে মন্ত্রণালয়ের উপসচিবদের এ পদে নিয়োগের সুপারিশ করা হয়।সংলাপে জাপার নয় সদস্যের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বেসামরিক বিমানমন্ত্রী জি এম কাদের, সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সাংসদ মুজিবুল হক ও কাজী ফিরোজ রশীদ প্রমুখ।সংলাপে কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে সকালে সংলাপে অংশ নেয় বিকল্পধারা বাংলাদেশ। তারাও স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপ অনুষ্ঠানের কথা।