দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচন কমিশন পরীক্ষামূলকভাবে স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করছে।গতকাল সোমবার জাতীয় সংসদে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সংসদকাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা জানান। এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। সাধনা হালদারের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় না থাকতে পারে, সে জন্য নির্বাচন কমিশন কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান জেলার ১২টি উপজেলায় বিশেষ কমিটি গঠন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই কমিটির আহ্বায়ক। কমিটি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন ফরম ছাড়াও বিশেষ তথ্য ফরমের মাধ্যমে পূরণ করা পারিবারিক তথ্য যাচাই করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুপারিশ করবে।আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, বাংলাদেশ এককভাবে ২০১৪ সালের আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করবে। তাতে বিভিন্ন দেশের নারী ও পুরুষ দল অংশ নেবে।