সংসদ নির্বাচনে বড় পরীক্ষা দেব: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। চার সিটির ভোট গ্রহণ শেষে আজ শনিবার সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে সিইসি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘এ নির্বাচন বড় পরীক্ষা নয়, সংসদ নির্বাচনে বড় পরীক্ষা দেব।’
নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হওয়ায় সিইসি ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘নির্বাচন এখন আর আগে মতো নয়। জনগণ অনেক সজাগ। দু-একটি কেন্দ্র ছাড়া সব জায়গায় ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। আশা করা যায়, জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে পরাজিত প্রার্থীরা এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন।’
নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ সম্পর্কে কাজী রকিব বলেন, বিএনপি আগেও অভিযোগ করেছে। আজও করেছে। তাদের অভিযোগের ভিত্তিতে ইতিবাচক কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে বরিশালের একটি কেন্দ্র ছাড়া কোথাও তেমন কোনো গোলযোগ হয়নি।
কত শতাংশ ভোট গৃহীত হয়েছে, জানতে চাইলে সিইসি বলেন, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
তবে কমিশন সচিবালয় জানিয়েছে, দুপুর দুইটা পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট গৃহীত হয়। ২০০৮ সালে অনুষ্ঠিত এই চার সিটির নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট গৃহীত হয়েছিল।

গতকাল দুপুর ১২টার দিকে বিএনপির যুগ্ম সম্পাদক বরকত উল্লার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে চার সিটিতে অনিয়মের অভিযোগ করে। এ সময় নির্বাচন কমিশনার জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ ছাড়া অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন না। সিইসি, কমিশনার আবদুল মোবারক ও আবু হাফিজ কমিশনে না থাকায় তাঁরা অসন্তোষ প্রকাশ করেন।

এ সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, ‘প্রযুক্তির যুগে এক জায়গায় দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত নিতে হয় না। সকাল সাতটার পর থেকে চার রিটার্নিং কর্মকর্তাসহ সবার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ রেখেছি। কাজ করাটা বড় কথা।’