সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী ৮৪৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৮৪৭ জন। মনোনয়নপত্র বাতিল হয়েছে ২৬০ জনের। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৫ নভেম্বর তফসিল ঘোষণার দিন থেকে ২ ডিসেম্বর পর্যন্ত মোট এক হাজার ১০৭ জন মনোনয়নপত্র জমা দেন। গত বৃহস্পতি ও শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। নির্বাচন পরিচালনাবিধি অনুযায়ী, যাঁদের মনোনয়নপত্র ৫ ডিসেম্বর বাতিল হয়েছে, তাঁদের ৮ ডিসেম্বর এবং যাঁদের ৬ ডিসেম্বর বাতিল হয়েছে, তাঁদের ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে হবে। নির্বাচন কমিশন ১৩ ডিসেম্বরের আগেই আপিল নিষ্পত্তি করবে। বৈধ প্রার্থীরা ১৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর রিটার্নিং কর্মকর্তারা ওই দিন বিকেলের পর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবেন। পরের দিন থেকে নির্বাচনের প্রচারণা শুরু হবে।
কমিশন সচিবালয় থেকে জানানো হয়, ৮৪৭ জন বৈধ প্রার্থীর মধ্যে সাতজন ইতিমধ্যেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে ৩৩টি আসনে একজন করে প্রার্থী আছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আওয়ামী লীগের তোফায়েল আহমেদ (ভোলা-১), সুরঞ্জিত সেনগুপ্ত (সুনামগঞ্জ-২), দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), রাজিউদ্দিন আহমেদ (নরসিংদী-৫), মোশাররফ হোসেন (ফরিদপুর-৩), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১) প্রমুখ।