দশম জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নির্বাচন কমিশনের (ইসি) নেই। গতকাল মঙ্গলবার বিকেলে কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান কমিশনের সঙ্গে এমন বৈঠক এটাই প্রথম। পরে সাংবাদিকদের সিইসি কাজী রকিব উদ্দীন বলেন, ‘বৈঠকটি পরিচিতি সভা। নির্বাচনের আগে কী কী লাগবে, তাদের কাছ থেকে কী ধরনের সহযোগিতা দরকার, আমরা কী কী করছি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ কিছু মালামাল আমদানি করতে হয়। তারা এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে সিইসি জানান। তিনি বলেন, ‘এটা আমাদের নিজস্ব বিষয়। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলব কেন?’বৈঠকের পর নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সাংবাদিকদের জানান, ইসি সঠিক পথে এগোচ্ছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তারা কাজ করে যাচ্ছে। সিইসির সভাপতিত্বে বৈঠকে বিদেশি কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, জাপানের সিরো সাদোসিমা, ডেনমার্কের সেন্ড ওলিংসহ নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, কানাডা, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও সুইডেনের রাষ্ট্রদূত। এ ছাড়া চার নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ এবং কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন।বৈঠকের পরে মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, একজন রাষ্ট্রদূত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরিকল্পনা এবং নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন হবে কি না জানতে চান। জবাবে সিইসি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। র্যাব, পুলিশ ও বিজিবিসহ অন্যান্য বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা করবে।