সংসদ নির্বাচনে ১৮ উপজেলা চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে উপজেলা পরিষদের ছয়জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজন পদত্যাগ না করেই নির্বাচনে প্রার্থী হচ্ছেন।

এর বাইরে ১২ জন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তাঁদের পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে। গতকালই এসব পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বরাবরের সফল কৃষিমন্ত্র্রী মতিয়া চৌধুরীর সঙ্গে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি। ২০০৮ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সদস্য না হয়েও বদিউজ্জামান বাদশা আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল অভিযোগ করেন, সাড়ে চার বছর এলাকার কোনো কর্মকাণ্ডে উপজেলা কৃষক লীগের কোনো নেতা-কর্মীকে সম্পৃক্ত করা হয়নি। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সবুর দাবি করেন, আগামী নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিকল্প চিন্তা করছেন।

বদিউজ্জামান বাদশা বলেন, নির্বাচনে তৃণমূলের অধিকাংশ নেতা-কর্মী তাঁদের ক্ষোভের প্রকাশ ঘটাবেন।

 কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘দ্বিধাবিভক্তি সম্পর্কে আমার চেয়ে আপনাদের পর্যবেক্ষণই ভালো। পর্যবেক্ষণে যা আসে, তা-ই লেখেন। এ বিষয়ে আমার কথাও নেই, বাধাও নেই। কারণ, সংবাদপত্র স্বাধীন। আমি স্বাধীনতায় বিশ্বাস করি।’

সংসদ নির্বাচনে প্রার্থী হতে যশোরে দুই উপজেলা চেয়ারম্যানও পদত্যাগ করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৫ (মনিরামপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য্য। তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

স্বপন ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, ‘দলের মনোনয়ন চেয়ে পাইনি। প্রার্থী হওয়ার জন্য এলাকার মানুষের চাপ রয়েছে, তাই পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

যশোরের ছয়টি সংসদীয় আসন থেকে এবার ছয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। পেয়েছেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।

স্বতন্ত্র হিসেবে প্রার্থী হচ্ছেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল আজীম। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানও স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পদত্যাগ করেননি যাঁরা: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আনোয়ারুল হক ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক তিতাস মোস্তফা স্বপদে থেকেই মনোনয়নপত্র দাখিল করেছেন।

 আনোয়ারুল হক বলেন, ‘স্বপদে থেকেই মনোনয়নপত্র দাখিল করেছি। মনোনয়নপত্র বাতিল করা হলে আদালতে যাব। আদালত যা সিদ্ধান্ত দেবেন তা মেনে নেব।’

 জানতে চাইলে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন বলেন, বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে।

সিরাজগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী আবদুল মজিদ মণ্ডল। তবে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ। তিনিও পদত্যাগ করেনি। বর্তমান সাংসদ ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস দলের মনোনয়নপত্র পাননি।

২০০৯ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৪৮২ উপজেলার মধ্যে ৩৭৮টিতেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। একইভাবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রায় এক হাজার জন।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট জেলা-উপজেলা প্রতিনিধিরা)