সংসদ নিয়ে অশোভন মন্তব্য করলে নিবন্ধন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদসহ যেকোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে অশালীন ও অশোভন মন্তব্য করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট এনজিওর নিবন্ধন বাতিল করতে পারবে। এই সুপারিশ করে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৫ চূড়ান্ত করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
গতকাল বুধবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সংসদ ভবনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংসদ নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছিল। এ জন্য টিআইবিকে ‘সরি’ বলার জন্য আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তাতে সাড়া মেলেনি। তাই কমিটি প্রস্তাবিত আইনে সংসদসহ যেকোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার জন্য এনজিওগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রেখেছে। কোনো এনজিও অশোভন মন্তব্য করলে সরকার সেই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিতে পারবে।
সুরঞ্জিত আরও বলেন, সমালোচনা করা আর অবমাননাকর বক্তব্য দেওয়া এক বিষয় নয়। সাংবিধানিক সব প্রতিষ্ঠানের বিষয়ে সমালোচনার সুযোগ সবারই থাকবে। তবে অশোভন মন্তব্য করা যাবে না।
গত বছরের ১ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন সংসদের কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
এর কয়েক দিন পরে টিআইবির ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ হিসেবে অভিহিত করেন। তাঁর এই মন্তব্যকে ঘিরে সংসদের অধিবেশনে সমালোচনা হয়। একপর্যায়ে সংসদীয় কমিটি থেকেও টিআইবিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
গতকাল এ বিষয়ে জানতে চাইলে ইফতেখারুজ্জামান কোনো মন্তব্য করেননি।
বিচারপতিদের অপসারণে আদালত কর্তৃক সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করা সম্পর্কে সুরঞ্জিত বলেন, ‘বাহাত্তরের মূল সংবিধান নিয়ে কোনো জাজমেন্ট চলে না। এটা আদালতের বিষয় নয়, রাজনৈতিক বিষয়। আশা করি, আপিল বিভাগ বিষয়টি বিচক্ষণভাবে দেখবেন।’
১৮ বছরের নিচে বিয়ে পড়ালে কাজির নিবন্ধন বাতিল: গতকাল আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিশেষ আমন্ত্রণে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রেবেকা মমিন ও হুইপ মাহবুব আরা গিনি অংশ নেন। তাঁদের সঙ্গে আলোচনায় মেয়েদের বিয়ের উপযুক্ত বয়সসীমা ১৮ ও ছেলেদের ২১ বছর নির্ধারণ করা হয়। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কাজির নিবন্ধন বাতিল করা হবে।
সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে গতকালের বৈঠকে অংশ নেন কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, আবদুল মতিন খসরু, সাহারা খাতুন, শামসুল হক, তালুকদার মো. ইউনুস, জিয়াউল হক মৃধা ও সফুরা বেগম। এ ছাড়া আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, এনজিও প্রতিনিধি সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী ও সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।