সাংসদ বদির মামলায় বাদীর প্রতি আদালতের বিরক্তি
ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে আজ বুধবার আসামিপক্ষের জেরায় জবাব দিতে না পারায় বাদীর বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেন আদালত। এই মামলার বাদী দুদকের উপপরিচালক আবদুস সোবহান।
আজ সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় আসামি পক্ষের জেরার জন্য দিন ধার্য ছিল। গত ১৮ নভেম্বর এই মামলার বাদী দুদকের উপপরিচালক আবদুস সোবহান আদালতে সাক্ষ্য দেন। আজ জেরার সময় আসামিপক্ষের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাঁর (বদির) সম্পদ বিষয়ে যথাযথ অনুসন্ধান ও যাচাই-বাছাই করা হয়নি।’
তখন আদালত প্রশ্ন করেন, ‘তাহলে মামলা করেছেন কেন?’ জবাবে আবদুস সোবহান বলেন, ‘সাক্ষীদের নোটিশ দিয়েছিলেন, কিন্তু না আসায় দলিলপত্র বিষয়ে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। এরপর আদালত শুনানি মুলতবি করে ৬ জানুয়ারি জেরার জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।’
এ বিষয়ে দুদকের সরকারি কৌঁসুলি কবির হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আজ বাদীকে আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য ছিল।’
জেরা চলাকালে একপর্যায়ে বিচারক বাদীর প্রতি বিরক্তি প্রকাশ করেছেন বলে নিশ্চিত করেন দুদকের এই কৌঁসুলি।