
জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রয়োজনে গণভোট নেওয়া এবং বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তাদের পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের সংসদ বর্জনের মাত্রা সংকট-জনকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা আইন করে দলীয় বা জোটগতভাবে সংসদ বর্জন নিষিদ্ধ করার সুপারিশ করেছে। গতকাল রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে টিআইবি এই প্রতিবেদন প্রকাশ করে। এতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বর্তমান সংসদের অষ্টম থেকে ১৫তম পর্যন্ত মোট আটটি অধিবেশনের তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়েছে।
বর্জনের আর্থিক মূল্য চার কোটি টাকা: প্রতিবেদনে বলা হয়, ২০১১-১২ বছরের ওই আটটি অধিবেশনের ১৬৩ কার্যদিবসের মধ্যে প্রধান বিরোধী দল ১৫৩ কার্যদিবস সংসদ বর্জন করেছে। প্রাপ্য আর্থিক সুযোগ-সুবিধার ভিত্তিতে প্রাক্কলিত একজন সাংসদের এক দিন অনুপস্থিতির অর্থমূল্য ন্যূনতম তিন হাজার ৫৫৮ টাকা। এ হিসাবে আটটি অধিবেশনে বিরোধী জোটের সংসদ বর্জনের আর্থিক মূল্য প্রায় চার কোটি এক লাখ ৩৪ হাজার টাকা। বছরভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিরোধী দল ২০০৯ সালে ৮৬ দিনের মধ্যে ২৩ দিন, ২০১০ সালে ৮৮ দিনের মধ্যে ২১ দিন, ২০১১ সালে ৮০ দিনের মধ্যে সাত দিন এবং ২০১২ সালে ৮৩ দিনের মধ্যে তিন দিন সংসদে উপস্থিত ছিল। ১৬৩টি কার্যদিবসের মধ্যে সংসদ নেতা ১৪০ দিন এবং বিরোধীদলীয় নেতা মাত্র তিন দিন সংসদে উপস্থিত ছিলেন। আটটি অধিবেশনে বিরোধী দল মোট ১২ বার ওয়াকআউট করেছে।
কোরাম সংকট: বর্তমান সংসদে কোরাম সংকট অপেক্ষাকৃত কম বলে জানায় টিআইবি। বলা হয়েছে, সরকারি দলের সদস্যদের গড় উপস্থিতি বেশি হলেও অধিবেশনকক্ষে দেরিতে উপস্থিত হন বলেই কোরাম সংকট দেখা দেয়। গত আটটি অধিবেশনে কোরাম সংকটে কেটেছে মোট ৭২ ঘণ্টা ২২ মিনিট। এর আর্থিক মূল্য প্রায় ৩৩ কোটি ৮৬ লাখ টাকা।
বেশির ভাগ সুপারিশ বাস্তবায়িত হয় না: প্রতিবেদনে সংসদীয় কমিটির কর্মকাণ্ডকে ইতিবাচক বলে উল্লেখ করা হয়েছে। প্রথম থেকে ১৫তম অধিবেশন পর্যন্ত ৫১টি কমিটির মধ্যে ৩৭টি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আড়াই হাজার সুপারিশ করা হলেও এর অধিকাংশই বাস্তবায়িত হয়নি। সবচেয়ে বেশি ৮৬ শতাংশ সুপারিশ বাস্তবায়ন করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং সবচেয়ে কম ১৩ শতাংশ বাণিজ্য মন্ত্রণালয়।
পর্যবেক্ষণ ও সুপারিশ: পর্যবেক্ষণে নেতিবাচক দিক সম্পর্কে বলা হয়েছে, বিরোধী দলের সংসদ বর্জনের মাত্রা সংকটজনক।
সুপারিশে সর্বোচ্চ ৩০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ না থাকার বিধান এবং অনুমোদিত ছুটি ব্যতীত টানা সাত দিনের বেশি অনুপস্থিত থাকা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এ ছাড়া অধিবেশনের কার্যদিবস বছরে কমপক্ষে ১৩০ দিন, প্রতি কার্যদিবসের সময় কমপক্ষে ছয় ঘণ্টা এবং সংসদীয় পঞ্জিকা ব্যবস্থা প্রবর্তনের সুপারিশ করা হয়েছে।
ইফতেখারুজ্জামান বলেন, সংসদীয় গণতন্ত্রের বৈশ্বিক অভিজ্ঞতায় বাংলাদেশের সংসদ বর্জন অদ্বিতীয়। এটি জনগণের ভোট ও রায়ের প্রতি শ্রদ্ধাহীনতার পরিচায়ক।