সংসদ বসছে আজ, বিরোধী দল যাচ্ছে না
নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আজ রোববার বিকেল চারটায় শুরু হবে। এর আগে বেলা তিনটায় সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যসূচি নির্ধারণ করা হবে।প্রধান বিরোধী দল বিএনপি গত অধিবেশনের মতো সংসদের এ অধিবেশনেও যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে।তবে স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রেখেছেন। গতকাল শনিবার দুপুরে স্পিকার বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি চিফ হুইপের মাধ্যমে বিরোধীদলীয় নেতাকে সংসদে ফেরার আহ্বান জানান। এ ছাড়া যেকোনো বিষয়ে সংসদে কথা বলতে বিরোধী দলকে সুযোগ দেওয়া হবে বলেও বিরোধীদলীয় চিফ হুইপকে স্পিকার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনার লক্ষ্যে বিরোধী দলের চিফ হুইপকে আমন্ত্রণ জানিয়ে বৈঠক করেছি। তাঁর মাধ্যমে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে অনুরোধ জানিয়েছি সংসদে যোগ দেওয়ার জন্য। আশা করি, বিরোধী দল সংসদে ফিরে এসে তাদের দায়িত্ব পালন করবে।’বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বানের পাশাপাশি কিছু নির্দেশনাও দিয়েছেন স্পিকার। এগুলো বিরোধীদলীয় নেত্রীকে জানানো হবে। তিনি বলেন, তবে বিরোধীদলীয় নেত্রীর বাড়ি নিয়ে নাটকের অবসান না হলে সংসদে ফিরবে না বিএনপি।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এক অধিবেশন শেষে ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশনটি ডাকা হয়েছে। তাই সংসদের এ অধিবেশনটি হবে সংক্ষিপ্ত, এক থেকে দেড় সপ্তাহ চলবে। নতুন চারটি বিলসহ মোট ১১টি বিল এ অধিবেশনে উপস্থাপন করা হবে।এর আগে গত ৬ অক্টোবর সংসদের শরৎকালীন অধিবেশন শেষ হয়। ১১ কার্যদিবসের ওই অধিবেশনের পুরোটাই অনুপস্থিত ছিল প্রধান বিরোধী দল বিএনপি। এ পর্যন্ত টানা গড়ে ৪৪ কার্যদিবস সংসদের বাইরে রয়েছেন বিরোধী দলের সদস্যরা।বর্তমান সংসদের বিভিন্ন অধিবেশনে এ পর্যন্ত মোট ১৬৯ কার্যদিবসের মধ্যে বিরোধীদলীয় সাংসদেরা উপস্থিত ছিলেন মাত্র ৪৬ দিন। আর এ সময়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংসদে গেছেন মাত্র পাঁচ দিন। পদত্যাগের ইঙ্গিত অশুভ লক্ষণ: বিরোধী দলের লাগাতার সংসদ বর্জন ও সংসদ থেকে পদত্যাগের ইঙ্গিত গণতন্ত্রের জন্য ‘অশুভ লক্ষণ’ বলে মন্তব্য করেছেন স্পিকার আবদুল হামিদ। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশে শিক্ষায় জেন্ডার সমতা: সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভা-সমাবেশ নিষিদ্ধ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ অধিবেশনের কার্যক্রম নির্বিঘ্ন করতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন এবং অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। গতকাল শনিবার রাত ১২টা থেকে সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত ডিএমপি কমিশনারের এ আদেশ বলবৎ থাকবে।