সংসদ বহাল রেখে নির্বাচন করা দুরূহ ব্যাপার: হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংসদ বহাল রেখে নির্বাচন করা দুরূহ ব্যাপার’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। তিনি বলেন, সংসদ ভেঙে গেলে নির্বাচন করা সহজ হবে।
গতকাল রোববার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আবু হাফিজ।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সংসদ ভেঙে গেলে, ভেঙে যাওয়ার দিন থেকে পরের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। বর্তমানে নির্বাচন কমিশন কি সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে, নাকি সংসদ ভেঙে দেওয়ার পরের ৯০ দিনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, ‘সংসদ বহাল রেখে, নাকি ভেঙে দিয়ে নির্বাচন হবে—সেটা কমিশন এখনো জানে না। আগে হলে কমিশন এক রকম প্রস্তুতি নেবে। পরে হলে ভিন্ন রকম প্রস্তুতি নিতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচন কবে হবে, সেটা ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। সংসদ বহাল রেখে, নাকি ভেঙে দিয়ে নির্বাচন হবে—সেটা রাজনৈতিক দল এবং সরকার ঠিক করবে। এ বিষয়ে আইনের নির্দেশনা আছে। তবে সরকার এ বিষয়ে পরামর্শ চাইলে কমিশন মতামত দেবে।’
নির্বাচন অনুষ্ঠানের সুস্পষ্ট সময় নির্ধারণ নিয়ে দোটানার কারণে কমিশনের প্রস্তুতিতে কোনো সমস্যা হচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে আবু হাফিজ বলেন, এ নিয়ে কমিশনে কোনো ধরনের অস্বস্তি বা সিদ্ধান্তহীনতা নেই। প্রস্তুতি নেওয়ার জন্য এখনো যথেষ্ট সময় আছে।