সংসদ বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে না। কারণ, তাতে বর্তমান সংসদের সাংসদেরা প্রভাব খাটাবেন। প্রশাসন এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের ওপর প্রভাব খাটাবে সরকার।জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল আলোচনায় গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। ‘অন্তর্বর্তীকালীন বনাম তত্ত্বাবধায়ক সরকার: কোন পথে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক এই আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান।হাফিজউদ্দিন খান বলেন, রাজনৈতিক সরকার সবসময় নিজেদের আজ্ঞাবহ প্রশাসন চায়, যে কারণে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে কারও আস্থা নেই।সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা যতটা সহজ, দলীয় সরকারের অধীনে নির্বাচন করা ততটাই কঠিন। নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক, সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ, ৩০০টি আসনে ৩০০ জন সরকার বসে আছেন। তিনি বলেন, নির্বাচনের জন্য প্রায় সাত লাখ জনবলের দরকার হয়। এঁদের সিংহভাগ সরকারের কর্মচারী। ছয় লাখ সদস্যের আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদের ওপরে আছে সরকারের প্রশাসন।বিচারপতি এবাদুল হক বলেন, সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না, এমন ২৭ জন সাংসদ এবং তিনজন অরাজনৈতিক সদস্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হতে পারে। অরাজনৈতিক তিনজনের মধ্য থেকে একজনকে সরকারপ্রধান করতে হবে। এমন একটি কাঠামো তৈরি করতে পারলে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।সাংবাদিক এবিএম মূসা বলেন, ‘তত্ত্বাবধায়ক এসেছে লগি-বৈঠার মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে কি না, সেটা নির্ভর করছে বিরোধী দলের শক্তির ওপর।’ তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন এবং ব্যক্তিত্বসম্পন্ন কমিশনার দরকার। সেটা করা সম্ভব হলে ক্ষমতায় যেই থাকুক, নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না।সাবেক সাংসদ সরদার আমজাদ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্ম হয়েছে অবিশ্বাস থেকে। সেই অবিশ্বাসের কারণেই বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে আস্থা নেই বিরোধী দলের।সাবেক সচিব আলী ইমাম মজুমদার বলেন, অতীতের রাজনৈতিক সরকারগুলো সরকারের প্রতিটি প্রতিষ্ঠানকেই ধ্বংস করে দিয়েছে। এখন সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচনের আগে প্রশাসনে ব্যাপক রদবদল করতে হবে।কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘দেশকে বাঁচানোর জন্য এখন এমন একজন নেতা চাই, যে বঙ্গবন্ধুর মতো বলবেন প্রধানমন্ত্রিত্ব চাই না, গণতন্ত্র চাই।’অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, প্রশাসনকে দলীয়করণের জন্য উভয় দলই দায়ী। ২০০৬ সালের সরকার সবকিছু নিজেদের মতো করে করতে গিয়ে সমস্যার সৃষ্টি করে। বর্তমান সরকারও সেদিকে এগিয়ে যাচ্ছে।জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, আওয়ামী লীগ-বিএনপির ঝগড়া আপসমূলক। তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান ঠেকানোর জন্য তাদের এই ঝগড়া। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত সব বিচারপতিকে নিয়ে একটি কমিটি থাকবে, সভাপতি হবেন সবার আগে অবসরে যাওয়া প্রধান বিচারপতি। এই কমিটি প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের নিয়োগের জন্য ১৫ সদস্যের একটি প্যানেল তৈরি করবেন। প্রধান উপদেষ্টা এই প্যানেল থেকে ১০ জন উপদেষ্টা নিয়োগ দেবেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানবাধিকারকর্মী হামিদা হোসেন, গণমাধ্যম বিশেষজ্ঞ মুহাম্মদ জাহাঙ্গীর, সাবেক সাংসদ হুমায়ুন কবির, সালমা খান, মফিজুল ইসলাম কামাল প্রমুখ।