সংসদ ভবন এলাকায় অস্ত্র বহন ও মিছিলে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হতে যাচ্ছে দশম জাতীয় সংসদ অধিবেশনের ১২তম অধিবেশন। এই অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবনসংলগ্ন আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।
২৪ সেপ্টেম্বর শনিবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এই নিষেধাজ্ঞা জারি করেন।
যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকবে, সেগুলো হলো ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরোনো-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত রাস্তা ও গলিপথ।