সংসদ ভবন এলাকায় অস্ত্র বহন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট অধিবেশনকে সামনে রেখে ১ জুন থেকে সংসদ ভবন ও এর আশপাশের এলাকার কয়েকটি সড়কে অস্ত্র-বিস্ফোরক বহন, সমাবেশ-মিছিল, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ক্ষমতাবলে এ আদেশ দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত সড়কগুলো হলো, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীনরোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরোনো-২৭) সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদের সংরক্ষিত এলাকা এবং এর আশপাশের রাস্তা ও গলিপথ।

রোববার রাত ১২টা থেকে জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।