সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

৯ সেপ্টেম্বর রোববার দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন শুরু হবে। এই অধিবেশন চলাকালীন সংসদ ভবন ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, অধিবেশন নির্বিঘ্নে চলার জন্য শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ৮ সেপ্টেম্বর শনিবার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে। জাতীয় সংসদের ২২তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে, সেসব এলাকা হচ্ছে—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরোনো-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।